আগামী বছর বিয়ে করছেন রণবীর-ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

তবে কি শেষ পর্যন্ত সত্যি সত্যিই বিয়ে করে থিতু হতে যাচ্ছেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ! সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে বলিউডকেন্দ্রিক কয়েকটি সংবাদমাধ্যমে।

প্রকাশিত খবরে এর পেছনের কারণ সম্পর্কে বলা হয়েছে, ২০১৪ সালের জুন মাসের পর নতুন কোনো ছবির জন্য শুটিং শিডিউল দিচ্ছেন না ক্যাটরিনা। নতুন ছবির কাজ হাতে না নেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণও দেখাচ্ছেন না তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত এ তারকা অভিনেত্রী হঠাত্ করে এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রেমিক রণবীরের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে, বিয়ের জন্যই আগামী বছরের জুন মাসের পর হাতে কোনো কাজ রাখছেন না ক্যাটরিনা। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একে অন্যের কাছাকাছি আসেন রণবীর-ক্যাটরিনা। বলিউডের প্রেমের চিরাচরিত রীতি মেনে বরাবরই নিজেদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলে দাবি করে এসেছেন তাঁরা। কিন্তু নানা কীর্তিকলাপের জন্য তাঁদের প্রেমের বিষয়টি এখন অনেকটা খোলা বইয়ের মতোই। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে এ জুটির সখ্য অনেকটাই বেড়ে গেছে।

গত জুলাই মাসে অবকাশযাপনে গিয়ে স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে আলোকচিত্রীদের ফাঁদে ধরা পড়ে রণবীর ও ক্যাটরিনাকে কম ঝামেলা পোহাতে হয়নি। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসে বিতর্কের ঝড় উঠলেও, এ ঘটনাকে তাঁরা খুব বেশি পাত্তা দিয়েছেন বলে মনে হয় না। স্পেনের পর এবার তাঁরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। এ জুটিকে ম্যানহাটনের একটি প্রেক্ষাগৃহে অভিসারে মেতে উঠতেও দেখা গেছে।

ছুটি কাটাতে ক্যাটরিনার আগেই নিউইয়র্ক যান রণবীর। তাঁকে সঙ্গ দিতে সেখানে যেতে ক্যাটরিনার একটু দেরি হয়ে যায়। কারণ হঠাত্ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ক্যাট।

‘ধুম ৩’ ছবির একটি গানের শুটিং, বিজ্ঞাপনচিত্রের শুটিংসহ আরও কিছু কাজ দ্রুত শেষ করতে গিয়ে ভাইরাস জ্বরে আক্রান্ত হন ক্যাটরিনা। তার পরও অসুস্থ শরীরেই কাজ চালিয়ে যান তিনি। অনেক ঝক্কি সামলে শেষমেশ ঠিকই সব কাজ গুছিয়ে নিউইয়র্কে উড়াল দেন ক্যাটরিনা।

শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও প্রেমিক রণবীরের টানে অসুস্থ শরীরেই নিউইয়র্কে গিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেন ক্যাটরিনা। সেখানে পৌঁছানোর পর কিছুটা সুস্থ হয়ে রণবীরের সঙ্গে অভিসারে মেতে ওঠেন তিনি। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সম্প্রতি ম্যানহাটনের স্থানীয় একটি প্রেক্ষাগৃহে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে।