আগামী শিক্ষাবর্ষেই শাহজাদপুরে ভাড়াবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। অতএব এর েকানো ব্যত্যয় হবে না। স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে সরকারি উদ্যোগে রবীন্দ্রনাথের ১৫৩তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, সাংসদ হাসিবুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করেন৷ একক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা৷