আগামী বছরেই মুক্তিযুদ্ধ জাদুঘর নিজস্ব ভবনে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরেই উদ্বোধন করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের পেছনে প্রায় এক একর জমির ওপরে নির্মাণাধীন এই ভবনে মাটির নিচে তিনটি এবং ওপরে থাকছে পাঁচটি তলা। এর মধ্যে মাটির ওপরের তিনটি তলার কাজ প্রায় শেষ পর্যায়ে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের জন্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে ৬১ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৫২২ টাকা। ভবন নির্মাণে এখন পর্যন্ত অনুদান দিয়েছেন মোট ৪৩৩ জন।
গতকাল শুক্রবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত এই ভবনে আয়োজিত প্রীতি সমাবেশে এসব তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী ১৯৯৬ সালে শুরু হওয়া মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন সময়ের তথ্য জানিয়ে উপস্থাপন করেন একটি তথ্যচিত্র।
প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আলী জাকের, সারা জাকের, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উপদেষ্টা নুরুল ফজল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।
সমাবেশে নৃত্য পরিবেশন করে স্পন্দন, বাউল গান পরিবেশন করেন সোনিয়া ও তাঁর দল।