আগামী সপ্তাহে ফলাফল, এপ্রিলে পুরস্কার প্রদান
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এর ছবি দেখার কাজ শেষ হয়েছে। ফলও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন জুরি বোর্ডের সদস্যরা। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, দু-একটি শাখায় পুরস্কার চূড়ান্ত করার ব্যাপারে জুরি বোর্ডের সদস্যরা মতৈক্যে পৌঁছাতে পারেননি। দু-এক দিনের মধ্যে সেগুলোও চূড়ান্ত করা হবে। এরপর ফলাফল তুলে দেওয়া হবে তথ্য মন্ত্রণালয়ে। এটা মন্ত্রি, সচিব ও অন্য কর্মকর্তারা দেখে অনুমোদন দেবেন। এর পরই তা প্রকাশ করা হবে।জুরি বোর্ডের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যে ছবিগুলো জমা পড়েছিল, সেখান থেকে চার-পাঁচটি ছবিই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ২৪টি বিভাগের বিভিন্ন শাখা জয় করে নিয়েছে। ছবিগুলো হচ্ছে মনপুরা, স্বামী-স্ত্রীর ওয়াদা, প্রিয়তমেষু, এবাদত, চাঁদের মত বউ, গঙ্গাযাত্রা, বৃত্তের বাইরে। ওই সূত্র আরও জানিয়েছে, সেরা ছবি হিসেবে মনপুরা, গঙ্গাযাত্রা, বৃত্তের বাইরে ছবিগুলোর মধ্য থেকে একটি ছবি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেরা নায়কদের দৌড়ে প্রতিযোগিতায় আছেন তিনজন—ফেরদৌস, শাকিব খান ও চঞ্চল চৌধুরী। সেরা নায়িকা ও পার্শ্বচরিত্র শাখায় আছেন শাবনূর, পপি ও মৌসুমী। সংগীতশিল্পী পুরুষ শাখায় কুমার বিশ্বজিতের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই। পাশাপাশি এন্ড্রুকিশোরও এই শাখায় বেশ ভালোভাবেই প্রতিযোগিতায় আছেন বলে জানালেন জুরি বোর্ডের একাধিক সদস্য। সংগীতশিল্পী মহিলা শাখায় রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা, চন্দনা মজুমদার ও কৃষ্ণকলির নাম শোনা যাচ্ছে। জানা গেছে, কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার যেহেতু দুজন মিলে একটি গান করেছেন, সে ক্ষেত্রে জুরি বোর্ডের সদস্যরা দ্বিধাদ্বন্দ্বে আছেন। অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবারই প্রথম যোগ হয়েছে দুটি নতুন পুরস্কার—আজীবন সম্মাননা পুরস্কার ও পোশাক সাজসজ্জা পুরস্কার। আজীবন সম্মাননা কে পাচ্ছেন এ নিয়েও রয়েছে বেশ কৌতূহল। নির্ভরযোগ্য ওই সূত্রে জানা গেছে, সর্বশেষ বৈঠকে আনোয়ার হোসেন, ফেরদৌসী রহমান, রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, সুলতানা জামান, কবরী, খন্দকার নূরুল আলমের নাম উঠে এসেছে। এই নামগুলো জুরি বোর্ড প্রাথমিক বিবেচনায় নিয়ে এসেছে। এখান থেকে একজনকে চূড়ান্তভাবে বিবেচনায় নিয়ে আসা হবে।সাদা-কালো চলচ্চিত্রের জন্য চিত্রগ্রাহক, প্রামাণ্য চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—এই তিনটি শাখায় কোনো ছবি জমা পড়েনি বলে এসব শাখায় পুরস্কার প্রদান করা হবে না। এদিকে পুরস্কার আগামী ৩ এপ্রিল দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে। ১৯৫৭ সালে ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন বিল উত্থাপন করেছিলেন। এর পরই এফডিসি প্রতিষ্ঠা করা হয়। সেই হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।পুরস্কার প্রদানের ব্যাপারে এরই মধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এবার বড় দায়িত্ব পালন করবেন অভিনেতা আলমগীর ও ফারুক।