আগামীকাল ছায়ানটে বাজবে ওস্তাদ শাহাদাত খানের সরোদ

উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কে না চেনেন? বাংলাদেশেও রয়েছে তাঁর বংশের প্রতিনিধি। ওস্তাদ শাহাদাত হোসেন খান তাঁদেরই একজন। এরই মধ্যে দেশ-বিদেশে নাম কুড়িয়েছেন সরোদ বাজিয়ে। আগামীকাল ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সন্ধ্যায় সরোদ বাজাবেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর দুই কন্যাও।
পেশকার কালচারাল ফোরাম আয়োজিত ‘রাগা অ্যান্ড রিদম’-এর পঞ্চম অধিবেশনে হবে এই পরিবেশনা। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই থাকছে এবাদুল হক সৈকতের সেতার, সঙ্গে তবলায় থাকবেন মীর নাকিবুল ইসলাম।
দ্বিতীয় পরিবেশনায় থাকবে বিদুষী রুনু মিত্রের কণ্ঠসংগীত, তাঁকে সহযোগিতা করবেন তামনিয়া ইসলাম। তবলায় সংগত করবেন অশোক পাল, হারমোনিয়ামে থাকবেন সঞ্জীবন সান্যাল।
সবশেষে মঞ্চে উঠবেন ওস্তাদ শাহাদাত হোসেন খান। তবলায় তাঁকে সংগত করবেন অশোক পাল ও মীর নাকিবুল ইসলাম।
শাহাদাত হোসেন খানের দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ হলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাই। আয়েত আলীর ছেলে ওস্তাদ আবেদ হোসেন খানও ছিলেন দক্ষ সেতারবাদক। তাঁরই একমাত্র পুত্র শাহাদাত হোসেন খান।