আগামীকাল ঢাকায় চীনা সাংস্কৃতিক দলের পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর চীনা রাষ্ট্রপতি সি চিন পিংয়ের বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত ‘২০১৭: বন্ধুত্ব ও বিনিময়ের বছর’-এর সাংবাত্সরিক কার্যক্রমের প্রথম সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। যার অংশ হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে ৩৫ সদস্যের চীনা দলটি। দলটি রবি ও সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশনায় অংশ নেবে। তাদের পরিবেশনার মধ্য থাকবে অ্যাক্রোবেটিক শো, কুংফু, নাচ ও গান। শিল্পকলা একাডেমির একটি দলও পরিবেশনা করবে। বাংলাদেশি শিল্পীরা চীনা ভাষায় সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাং সিচাও এবং বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন।