আগামীকাল দেখুন মেরিল-প্রথম আলো অনুষ্ঠান
আগামীকাল বেলা দুইটা ৪৫ মিনিটে এটিএন বাংলা ও তিনটায় চ্যানেল আইতে প্রচারিত হবে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে দেখানো হবে জাদুশিল্পী জুয়ের আইচ কীভাবে অনুষ্ঠানের উপস্থাপক জাহিদ হাসানকে মঞ্চে নিয়ে এলেন। আর চম্পকনগরের রাজকন্যা রোজিনার প্রেমে পড়ে ফেরদৌস কী করেন। অন্যদিকে হারিয়ে যাওয়া ভাই রিয়াজকে পেয়ে ফেরদৌসই বা কী বললেন। দুষ্টু জাদুকর সুমন পাটোয়ারী রিয়াজের ভালোবাসার মানুষ অঞ্জনাকে কোথায় বন্দী করে রেখেছিলেন?বখাটেপনার জন্য সিদ্দিক, শতাব্দী ওয়াদুদ ও মাজনুন মিজানের কী দশা করেছিলেন ফারিয়া, ইশানা, স্বাগতা, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম ও হাসান মাসুদ।একই মঞ্চে নেচেছেন সজল-শখ, মিম-আরেফীন শুভ, নিরব-সারিকা, মৌসুমী-জাহিদ হাসান এবং হাবীব ও ন্যান্সি। দেখা যাবে এই সময়ের তিনটি চলচ্চিত্রের গানে নিপুণ, বিন্দু ও রোমানাকে। জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি নতুনভাবে নিয়ে এলেন মাইলসের সদস্যরা। আরও আছে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় একটি নৃত্য। জমকালো এ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মুক্তিযোদ্ধারা তুলে দিয়েছেন জনপ্রিয় ও সমালোচক শাখায় বিজয়ীদের পুরস্কার।