আগামীকাল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ এপ্রিল লন্ডনে যাওয়ার সব ব্যবস্থাই চূড়ান্ত ছিল চলচ্চিত্র অভিনেত্রী রোজিনার। ২১ এপ্রিল প্রথম আলো থেকে তাঁকে জানানো হলো, ২৯ এপ্রিল মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান। সেদিন তাঁকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। শুনে তিনি বললেন, দুই দিন পরই যে তাঁর লন্ডনে যাওয়ার কথা। কী মনে করে তিনি ১০ মিনিট সময় চেয়ে নিলেন। এরপর জানালেন, লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন করতে পারলে অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি যাওয়ার তারিখ পরিবর্তন করেছেন। শুধু রোজিনার কথা বললেই উচ্ছ্বাস শেষ হয় না; নায়ক রিয়াজেরও অস্ট্রেলিয়া যাওয়ার কথা ২৮ এপ্রিল। প্রথম আলোর অনুরোধে তিনিও অস্ট্রেলিয়া যাওয়ার তারিখ পরিবর্তন করেছেন। ফেরদৌস, অঞ্জনাও সহযোগিতা করছেন। এমন সহযোগিতা আছে বলেই এ অনুষ্ঠান হয়ে ওঠে আলোঝলমল আর প্রাণবন্ত।বেশ কদিন ধরেই প্রথম আলোর কার্যালয় হয়ে উঠছে যেন তারার মেলা। সন্ধ্যা নামলেই জমে ওঠে তারকাদের ভিড়। তাঁরা আসেন মহড়া করতে। সেই মহড়া চলে মধ্যরাত পর্যন্ত। তাঁদের কেউ কেউ আসেন সারা দিন শুটিং করে, ক্লান্তি নিয়ে। কিন্তু মহড়ায় সেই ক্লান্তির ছাপ একদমই থাকে না। তাঁরা মহড়া করেন ঘণ্টার পর ঘণ্টা। এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে বড় চমক হয়ে থাকছেন উপস্থাপক। সেই প্রসঙ্গ এখন নাহয় থাক। সেটা চমক হয়েই থাকুক। বরাবরের মতো উপস্থাপকের দুই পাশে থাকবেন দুই সুন্দরী। এবার মঞ্চ মাতাতে একাট্টা হয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। এই তালিকা অবশ্য বেশ লম্বা। কাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সজ্জিত হচ্ছে রঙিন আলোয়। সেখানে বসবে তারকাদের মিলনমেলা।