আগামীকালই জানা যাবে সবকিছু
সবার মধ্যে রুদ্ধশ্বাস উত্তেজনা। একেকটি ঘণ্টা পার হচ্ছে আর এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণ—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর তারা ঝলমলে অনুষ্ঠানের শুভলগ্ন। আগামীকাল সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর আলোকোজ্জ্বল অনুষ্ঠান, তারকাদের বর্ণাঢ্য মেলা।এই আয়োজন ঘিরে সবার মধ্যে এখন তর্ক-বিতর্কের শেষ নেই। কারা হবেন ২০১২ সালে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের সেরা? তারকা জরিপ পুরস্কারের জন্য দর্শক-শ্রোতারা এর মধ্যেই তাঁদের প্রিয় তারকাদের ভোট দিয়েছেন। সেই ভোটে চূড়ান্ত বিজয়ী হচ্ছেন কোন কোন শিল্পী?সমালোচকদের রায়ে এবারের শ্রেষ্ঠ শিল্পী কারা? কোন গুণীজন এ বছর পাচ্ছেন আজীবন সম্মাননা?এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র এক দিন। সব মিলিয়ে তাই দর্শক-শ্রোতার পাশাপাশি তারকাদের মধ্যেও এখন উৎকণ্ঠা তুঙ্গে।এর মধ্যে অনুষ্ঠানটি আরও উপভোগ্য ও জমজমাট করে তুলতে প্রথম আলোর ‘আনন্দ’ বাহিনীর নেতৃত্বে বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীদের নিয়ে চলেছে বিচিত্র আয়োজনের মহড়া। আগামীকাল আসর মাতাবেন তাঁরা। তাঁদের নানা উপস্থাপনায় দম ফাটানো হাসি আর আনন্দে উদ্বেলিত হবেন দর্শক।অনুমান করুন তো এ বছর এ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন কে? আপনার অনুমান একেবারে ঠিক—জনপ্রিয় কোনো তারকাই থাকছেন এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২ অনুষ্ঠানের সঞ্চালক। কিন্তু পুরো অনুষ্ঠানে সঞ্চালক এবার একজন, না দুজন, নাকি তারও বেশি? জানা যাবে আগামীকাল শুক্রবার। চমক আছে আরও। অনেক তারকা-মহা তারকার সমাবেশ হবে এ অনুষ্ঠানে। প্রিয় তারকাদের অনেকেই যুক্ত থাকবেন অনুষ্ঠানের নানা পর্বে। আপাতত জানিয়ে রাখি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। এ অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। তাই জমকালো এ তারার মেলা মিলনায়তনে বসে যাঁরা দেখতে পাচ্ছেন না, তাঁদের হয়তো একটু মন খারাপ হতে পারে। এখন খুশির সংবাদ জানাচ্ছি তাঁদের জন্য—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর পুরো অনুষ্ঠানটি ক্যামেরায় ধারণ করা হচ্ছে। পরে টিভি চ্যানেলে প্রচারিত হবে অনুষ্ঠানটি। তাই হিসাব রাখুন এখন থেকেই—ঘণ্টা, মিনিট, সেকেন্ড; আর মাত্র এক দিন পর...শুভস্য শীঘ্রম!