আগামীকালের ছবি
হূদয় ভাঙা ঢেউবলা হচ্ছে, এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। ছবির নাম হূদয় ভাঙা ঢেউ। পরিচালক ও প্রযোজকের দেওয়া হিসাব অনুযায়ী, ছবিতে খরচ করা হয়েছে সাড়ে চার কোটি টাকা। ছবিটির কারিগরি সুবিধা নেওয়া হয়েছে ভারত থেকে। নৃত্য পরিচালনা করেছেন ভারতের মুম্বাইয়ের নৃত্য পরিচালকেরা। আর ক্যামেরাও চালিয়েছেন মুম্বাইয়ের ক্যামেরাম্যান। ক্যামেরাটিও আনা হয়েছিল সেখান থেকেই। এখানেই শেষ নয়, ছবিটি ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমে নির্মিত হয়েছে। এ ছবির গানের কিছু কিছু দৃশ্যায়ন করা হয়েছে থাইল্যান্ডের এমন কিছু লোকেশনে, যেখানে মুম্বাইয়ের ছবিগুলোর শুটিং করা হয়। ছবির ট্রেলার (সিনেমার চুম্বক অংশ) দেখে ৪০টি প্রেক্ষাগৃহের মালিক এরই মধ্যে ছবিটি লুফে নিয়েছেন।ছবিটি পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি বললেন, ‘আমি অনেক ছবি নির্মাণ করেছি। কিন্তু এতটা বৃহৎ পরিসরে এবং এত বড় বাজেটের ছবি আগে করিনি। এ ছবির গান ও গল্পই এর প্রাণ। এ ছবিকে প্রাণবন্ত করে তুলেছেন অনন্ত ও বর্ষা।জানা গেছে, রোমান্টিক গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রাজ্জাক, আলমগীরসহ আরও অনেকেই।মহরত হলো তোমার আমার প্রেমের বাঁধনবছরের শেষ ছবির মহরত অনুষ্ঠান ছিল সেদিন। সকাল থেকেই এফডিসির ৩ নম্বর ফ্লোরটিকে সাজানো হয়েছিল জমকালোভাবে। চলচ্চিত্রের মন্দার বছরে এটিই শেষ ছবির মহরত অনুষ্ঠান। পরিচালক শাহাদাৎ হোসেন লিটন ও প্রযোজক কাউসার চলচ্চিত্রের পরিচালক-প্রযোজক ও বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। সবাই একে একে আসছেন। বেলা ১১টায় ছবির মহরত হলো। এরপর আগ্রহী অনেক প্রযোজকই এলেন নতুন নায়িকা মুক্তির খোঁজ নিতে। কেউ কেউ অবাক হলেন। ছবির শুটিংয়ের দিনেই মুক্তিকে নিয়ে যত প্রযোজক আগ্রহ দেখাচ্ছেন, তাতে করে তো মুক্তির হাতে ছবির কোনো অভাব নেই। বিষয়টি নিয়ে মজা করতে ভুললেন না শাকিব খান নিজেও। একটু পরই গান আর নাচ দিয়ে ছবির শুটিং শুরু হলো। নৃত্য পরিচালক মাসুম বাবুলের পরিচালনায় গানে অংশ নিলেন শাকিব খান ও সাহারা। পরিচালক জানালেন, এ মাসে কয়েক দিন শুটিং শেষে আবার জানুয়ারিতে ছবির শুটিং শুরু করা হবে।