আগামীকালের ছবি
আগামীকাল ১৪ ডিসেম্বর সারা দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাসুদ আকন্দ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র পিতা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং ডিজিটাল ফরম্যাটে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আকন্দ, কল্যাণ কোরাইয়া, বন্যা মির্জা, সায়না আমিন, উপমা, মইন দুররানী, শামীমা নাজনীন, জুয়েল রানা প্রমুখ। পূর্ব পাকিস্তানের প্রত্যন্ত হিন্দুপ্রধান ছয় আনি গ্রামের দুই দিনের ঘটনা নিয়ে গড়ে উঠেছে চলচ্চিত্রটির কাহিনি। ২৬ মার্চের গণহত্যার খবর জানে না এ গ্রামের কেউ। মুক্তিযুদ্ধের কোনো আঁচও নেই এই গ্রামে। কারণ, গ্রামে একটি রেডিও থাকলেও সেটি চালাতে জানে না কেউ। এর মধ্যে গ্রামে হানা দেয় পাকিস্তানি বাহিনী। জ্বালিয়ে-পুড়িয়ে তছনছ করে দেয় পুরো গ্রাম। নির্বিচারে হত্যা করে হিন্দু পুরুষদের। এ সময় ডোবার পানিতে লুকিয়ে প্রাণ রক্ষা করে জলিল ও তাঁর তিন ছেলে। শরৎ অন্তঃসত্ত্ব্বা স্ত্রী পল্লবীকে নিয়ে লুকিয়ে থাকে গভীর জঙ্গলে। কিন্তু জঙ্গল থেকে বের হতেই ধরা পড়ে পাকিস্তানি সেনাদের হাতে। এখান থেকেই শুরু হয় পাকিস্তানি সেনাদের অত্যাচার আর শুরু হয় সাহসী মুক্তিযোদ্ধা এক পিতার গল্প। আনন্দ ডেস্ক