আগামীকালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২২ মার্চ ঢাকাসহ সারা দেশে প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গাজী মাহবুব পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র শিরি ফরহাদ । ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, আহমেদ শরীফ, ডন, আফজাল শরীফ, পাপিয়া, পীরজাদা, রেহানা, জলি ও নবাগত মেহবুবা। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, সামিনা চৌধুরী ও বেবী নাজনীন। সুর ও সংগীত আহমেদ ইমতিয়াজ বুলবুল। পরিচালক গাজী মাহবুব বলেন, ‘অনেক বছর পর শাবনূর-রিয়াজ জুটিকে দর্শকেরা দেখতে পাবেন। ছবিটি নির্মাণ করতে অনেক শ্রম, অনেক সময় এবং অনেক অর্থ ব্যয় হয়েছে। আশা করি দর্শকদের ছবিটি ভালো লাগবে।’ছবির গল্প বিখ্যাত পারস্য আখ্যান থেকে নেওয়া। ফরহাদ শিরিকে না দেখেই তার ভাস্কর্য তৈরি করে। অন্যদিকে শিরি শিশু বয়স থেকে কিশোরী বয়স পর্যন্ত যাকে ঘুমের ঘোরে দেখে, স্বপ্নে যার সঙ্গে বারবার বিচরণ করে, সেও নিশ্চয়ই পৃথিবীতে আছে। গল্পের প্রথম নাটকীয়তা: দুজনের দেখা হয়। এরপর প্রেম। কিন্তু দ্বিতীয় নাটকীয়তায় শুরু হয় দুজনের বিচ্ছেদ, হাহাকার। শেষ পর্যন্ত কি ফরহাদ পবিত্র প্রেমের টানে অসাধ্য সাধন করতে পেরেছিল? শিরির সঙ্গে তার মিলন? হ্যাঁ পাঠক, সবই জানা যাবে। এ জন্য প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখতে হবে।