আগামীর ছবিগুলো ভেনিসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনিস চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন জর্জ ক্লুনি ও স্ত্রী আমাল ক্লুনি
ভেনিস চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন জর্জ ক্লুনি ও স্ত্রী আমাল ক্লুনি

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ৩০ আগস্ট। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসবত্রয়ের (কান, বার্লিন, ভেনিস) একটি এই উৎসব। সবচেয়ে প্রাচীনও।

হলিউডের কোন ছবিগুলো সামনের বছরটিতে চলচ্চিত্রপ্রেমীদের নজর কাড়বে, সেটি জানতে হলে তাকাতে হয় ভেনিস চলচ্চিত্র উৎসবের দিকে। গ্র্যাভিটি, বার্ডম্যান, স্পটলাইট, লা লা ল্যান্ড-এর মতো অস্কারজয়ী ছবিগুলোর জয়যাত্রা শুরু হয়েছিল ভেনিস থেকেই।

এ বছরের আকর্ষণের মধ্যে আছে আলেক্সান্ডার পেইন নির্মিত ডাউনসাইজিং ছবিটি। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জয়ের প্রতিযোগিতায় আরও আছে জর্জ ক্লুনি পরিচালিত সাবার্বআইকন, গিয়েরমো দেল তোরোর দ্য শেপ অব ওয়াটার, ড্যারেন অ্যারনফস্কির মাদার ও মার্টিন ম্যাকডোনার থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি।

এবারের উৎসবের লালগালিচায় থাকছে তারকাদের ঝলমলে উপস্থিতি। উৎসব পরিচালক আলবার্তো বারবেরা বলেছেন, এবার যেকোনো সময়ের চেয়ে বেশি তারকা লালগালিচায় হাঁটছেন।

উৎসবের ৭৪তম আসরে ঘুরেফিরে এসেছে এই মুহূর্তের বৈশ্বিক সংকটগুলো। চীনা শিল্পী আই ওয়াইওয়াইয়ের প্রামাণ্যচিত্র হিউম্যান ফ্লোতে তুলে ধরা হয়েছে শরণার্থী সমস্যা। ২৩টি দেশ ঘুরে এই সমস্যার মানবিক দিকটি তিনি তুলে ধরেছেন। লেবানন-খ্যাত ইসরায়েলের নির্মাতার নতুন ছবি ফক্সট্রট তৈরি হয়েছে সংঘর্ষ ও তার পরিণতি নিয়ে। চীনা নির্মাতা ভিভিয়ান কু-এর অ্যাঞ্জেলস ওয়্যার হোয়াইট ছবিতে যৌন নির্যাতন বিষয়টি এসেছে। স্বর্ণসিংহ জেতার লড়াইয়ে থাকা ২১ নির্মাতার মধ্যে ভিভিয়ান একমাত্র নারী নির্মাতা। তাঁদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা অভিনেত্রী অ্যানেট বেনিংয়ের নেতৃত্বাধীন জুরিবোর্ডের ওপর।

এই উৎসবে এবারই প্রথম ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রতিযোগিতা হচ্ছে। ২২টি চলচ্চিত্র ও স্থাপনাশিল্প থেকে সেরা কাজটি বেছে নেওয়ার দায়িত্বে আছে যে জুরিবোর্ড, তার নেতৃত্বে আছেন নির্মাতা জন লেন্ডিস।