আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসছে ‘মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৯’-এর মহা উৎসব। সেরা ৫ তালিকায় থাকা—নুসরাত জুহুরী, রাজু আহমেদ, অপূর্ব বাসনা, সানজানা তাবাসসুম ও তানিশা ইসলামকে নিয়ে এই আয়োজন।চ্যানেল আই ভবনের চিলেকোঠায় পৌঁছানোর আগেই কানে ভেসে এল গান। ‘তুমি চেয়ে আছ তাই, আমি পথ হেঁটে যাই...’। শিশুতোষ দরাজ কণ্ঠ। কোনো জড়তা নেই। একসময় গান থামল। পাঁচ শিশু হাসছে। রীতিমতো বাঁধভাঙা হাসি যাকে বলে। হয়তো কোনো নির্দিষ্ট কারণ নেই তাদের এই হাসির। শিশু বলে কথা!যে বালকটির গান আমাদের টেনেছে, সে রাজু আহমেদ। চলনে-বলনে বয়স বোঝার উপায় নেই। কতই বা হবে? সাত কিংবা আট। দেখে মনে প্রশ্ন জাগতে পারে—এই বাবু, এতটুকু হাতে কী করে ধরেছ বিশ্ব? তার পাশেই অন্য চারজন। তাদের ক্ষেত্রেও একই কথা। অপূর্ব বাসনা, সানজানা তাবাসসুম, নুসরাত জুহুরী ও তানিশা ইসলাম, যেন স্বর্গ থেকে পাঠানো কয়েকজন দূত। তাদের পাঠানো হয়েছে পৃথিবীর মানুষের সুরের মায়াজালে বন্দী করতে। তাদের সবার গান শুনে এমনটি মনে হওয়া অপরাধ হবে না। দ্বিতীয় মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শীর্ষ পাঁচ বিজয়ী তারা। তাদের মধ্য থেকেই নির্বাচিত করা হবে একজনকে।জামালপুরের মেয়ে অপূর্ব বাসনার জন্ম গানের মধ্য দিয়ে। বাবা মুক্তিযোদ্ধা বাউল শিল্পী সুলতান ফকির। মা নীলিমা পারভীন গৃহিণী। বাবার সূত্রেই ছোটবেলা থেকে গানের জগতে তার বসবাস। গান করে ২০০৮ সালে শিশু একাডেমী পুরস্কারসহ অনেক পুরস্কার জিতে নিয়েছে সে।বাসনার প্রত্যাশা, ‘আমি চ্যাম্পিয়ন হব।’ রাজশাহীর মেয়ে অনন্যা রাজের কণ্ঠ বেশ পরিপক্ব। গান শুনে মনে হয় কোনো প্রতিষ্ঠিত শিল্পী গান করছে। বেশ সুরে গান করে। সানজানা জানাল, সেও ছোটবেলা থেকে সংগীতচর্চা করছে। বাবা মনোয়ারুল ইসলাম সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী সানজানার ইচ্ছা, বড় হয়ে চিকিৎসক হবে। তবে আজীবন গান করতে চায় সে।সিরাজগঞ্জের মেয়ে তানিশা ইসলাম সবার চেয়ে বয়সে একটু বড়। গানের ভুবনে এসেছে ছোটবেলায়। বাবা জহুরুল ইসলাম আইনজীবী ও মা এলিজা পারভীনের স্বপ্ন, মেয়েকে শিল্পী বানাবেন। স্বপ্নের বাস্তবায়নে তানিশা সাত বছর বয়স থেকেই সংগীতের অলিগলি ঘুরে বেড়াচ্ছে। শিল্পকলা একাডেমীতে গান শিখেছে বেশ কিছুদিন। বর্তমানে ওস্তাদ আমিনুল ইসলামের কাছে ক্লাসিক্যালে তালিম নিচ্ছে। তানিশা জানাল, গানের পাশাপাশি সে কবিতা আবৃত্তি করতে পারে, ছবি আঁকতে পারে এবং জাতীয় পুরস্কারও পেয়েছে সে। তানিশার কণ্ঠে দৃঢ়তা, ‘আমি গান শুনিয়ে সবার মন জয় করে প্রথম হবই।’ নুসরাত জুহুরী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। এই বয়সে পুরো জেলায় তার পরিচিতি শিল্পী হিসেবে। সবাই চেনে। বাবা আফজাল আলী ও মা হাসিনা আফজাল। ছোট্ট মেয়েটি গানকে এত ভালোবাসে যে অন্য কিছুতেই তার তেমন আগ্রহ নেই। যদিও বড় হয়ে ব্যারিস্টার হওয়ার ইচ্ছা নুসরাতের। কিন্তু তার আগে গানের ভুবনেই প্রতিষ্ঠা পেতে চায় সে।অন্য সবার চেয়ে আলাদা প্রতিযোগিতার অপর বিজয়ী রাজু আহমেদ। খুলনার ছেলে রাজুর বাবা আবদুল লতিফ দিনমজুর, মা রাশেদা বেগম গৃহিণী। সংসারে অভাব। না খেয়ে কেটে গেছে অনেক দিন। পেটের ক্ষুধা মেটাতে পথেঘাটে গান করে বেড়িয়েছে সে। একদিন পথে গান গাইতে দেখে সাতক্ষীরার স্থানীয় গানের ওস্তাদ ইয়াসিন আলী রাজুকে তাঁর বাসায় নিয়ে গেলেন। নতুন করে শুরু হলো ক্ষুদে গানরাজের রাজুর গল্প। রাজু খুব বেশি বলতে পারল না নিজের সম্পর্কে। কিছু জিজ্ঞেস করলে হাসে। তার সঙ্গে হেসে ওঠে অন্য সবাই। এমন হাসি তাদের জীবনে সব সময় লেগে থাকুক—এই কামনা রইল।