আগামীর স্বপ্নে শুরু শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণ যারা মুখর করে রেখেছিল শিশুরা।
* শুরু হয়েছে একাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
* এবারের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।

পাবলিক লাইব্রেরিতে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত একাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র  উৎ​সবের উদ্বোধনী অনুষ্ঠানের একটি চিত্র। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পাবলিক লাইব্রেরিতে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত একাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎ​সবের উদ্বোধনী অনুষ্ঠানের একটি চিত্র। গতকাল তোলা ছবি l প্রথম আলো

থেমে থেমে চিৎকার-করতালির শব্দ শোনা যাচ্ছিল। এমন উল্লাসধ্বনিতে কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণ যারা মুখর করে রেখেছিল, সেই শিশুদের গায়ে কমলা রঙের টি-শার্ট। অবশ্য এই আনন্দযজ্ঞে যে বড়রা ছিলেন না, তা নয়। তবে তাঁদের ভূমিকা একেবারেই গৌণ, উপদেষ্টা কিংবা পরামর্শক হিসেবে তাঁদের উপস্থিতি। বিশাল এই আয়োজনের নেতৃত্বে ছিল শিশু-কিশোরেরা।

গতকাল শনিবার থেকে শিশু-কিশোরদের ব্যবস্থাপনাতেই ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে একাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। রাজধানীর ছয়টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ উৎসবের আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ।

কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মানিত অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম। পরি উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ ও উত্সব উপদেষ্টা মোরশেদুল ইসলাম। আরও বক্তব্য দেন উত্সব পরিচালক মোহাম্মদ আবির ফেরদৌস।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা এবং আলোচনা শেষে প্রদর্শিত হয় এবারের উত্সবের উদ্বোধনী চলচ্চিত্র মারিয়া নভারো পরিচালিত মেক্সিকান চলচ্চিত্র টেসোরস।

এবার উত্সবে বাংলাদেশসহ ৫৮টি দেশের দেড় শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। উত্সবের অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও গ্যেটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল ও শিল্পকলা একাডেমি। প্রতিদিন বেলা ১১টা, ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় প্রতিটি কেন্দ্রে মোট চারটি করে চলচ্চিত্র প্রদর্শনী হবে।