এক যুগ আগে ইরান ছেড়ে দেশে এসেছিলেন। তখন কতই বা বয়স ছিল তাঁর? ‘সাত/আট বছর হবে হয়তো। আমি আসলে জন্মসূত্রে ইরানি নাগরিক। তবে এরপর আর যাওয়া হয়নি।’বলছিলেন, হুমায়রা চৌধুরী মার্শা। হুমায়রা কে? খুব সহজ উত্তর। মেরিল স্প্ল্যাশ বিউটি সোপের বিজ্ঞাপন যারা দেখেছে, তাদের কাছে এই মুহূর্তে একটি প্রিয় মুখ। দেশের বিভিন্ন স্থানে বড় বড় বিজ্ঞাপন বিলবোর্ডে এখন শোভা পাচ্ছে হুমায়রার হাস্যোজ্জ্বল মুখ।পড়াশোনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে।ইরানি ও ইংরেজি ভাষার পাশাপাশি বাংলাটা ভালোই বলেন মীন রাশির জাতিকা হুমায়রা। দাদার বাড়ি সিলেট। এর মধ্যে মা-বাবার কাছ থেকে শুনে শুনে রপ্ত করেন সিলেটি ভাষা। ‘টেনে টেনে সিলেটি ভাষা বলার মধ্যেও এক ধরনের আনন্দ আছে। তবে একটু খারাপ লাগে যে ইরানি ভাষাটা ভুলে যেতে বসেছি। আমার মনে হয়, চর্চা করলে ইরানের ফার্সি ভাষাটা আবার রপ্ত করে ফেরতে পারব।’ বলছিলেন হুমায়রা।বিনোদনজগতে কীভাবে নাম লেখালেন?হুমায়রা জানালেন, একজন আলোকচিত্রীর কাছে তিনি ছবি তুলেছিলেন। ওই আলোকচিত্রীর মাধ্যমেই তাঁর ছবি বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় যায়। এরপর একে একে ডাক আসে হুমায়রার কাছে।‘অমিতাভ রেজার নির্দেশনায় প্রথম আমি প্রাণের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুযোগ পাই। এর পরই কিউবি নামের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হই। এর পরই মেরিল স্প্ল্যাশ সাবানের বিজ্ঞাপনচিত্রে সুযোগ পাই।’ বললেন হুমায়রা।এ বিজ্ঞাপনচিত্রটি হুমায়রাকে এনে দেয় সাফল্য। তবে মজার ব্যাপার হচ্ছে, হুমায়রাকে দেখে কিন্তু চট করে চেনার উপায় নেই যে তিনিই সেই বিজ্ঞাপনচিত্রের মেয়েটি। ‘আমি যখন রাস্তায় বের হই, তখন অনেকেই আমাকে কয়েকবার দেখার পর চিনতে পারে যে আমি সেই মেয়েটি। এটা আমি বেশ উপভোগ করি।’ বললেন হুমায়রা।বিজ্ঞাপনচিত্রের মডেল হলেও হুমায়রার ইচ্ছা, ফ্যাশন ডিজাইনার হবেন। এর ওপর পড়াশোনা করবেন। পেশা হিসেবে এই মাধ্যমকেই বেছে নেবেন তিনি। তার মানে ওক তিনি অভিনয় বা মডেল-জগতে থাকবেন না? ‘অবশ্যই থাকব। নাটকে অভিনয় করার ইচ্ছা আছে। আর মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করব।’ বললেন তিনি।চলচ্চিত্র?‘হয়তো করব। তবে এই মুহূর্তে আসলে কিছুই বলতে পারছি না। চলচ্চিত্র তো অনেক বড় মাধ্যম। সেখানে কাজ করার জন্য চাই আরও সময়। আগে কাজ শিখতে চাই। কাজ শিখে চলচ্চিত্রে কাজ করব।’ এভাবে তাঁর ভবিষ্যৎ ইচ্ছাগুলোর কথা বলছিলেন হুমায়রা।এর বাইরে হুমায়রা আর কী করেন?আলিয়ঁস ফ্রঁসেস থেকে সালসানৃত্য শিখেছেন। এখন বেহালা বাজানোর ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। ফরাসি ভাষা শেখার চেষ্টা করছেন। বললেন, ‘আমি আসলে নিজেকে সৃজনশীল কাজ করার মধ্য নিয়ে এগিয়ে নিতে চাই। এ জন্য একজন মানুষ হিসেবে আমার যা যা প্রয়োজন, আমি সেসব রপ্ত করছি, তারপর নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।’ফিরে যাই হুমায়রার ছোটবেলার দিনগুলোতে।‘অনেক আগে কথা। চোখের সামনে ঝাপসা স্মৃতি। ডে কেয়ার সেন্টারে যাচ্ছি। দলবেঁধে আমরা সহপাঠীরা ছড়া পাঠ করছি। বেশ উঁচু উঁচু ঘর। আর কিছু মনে করতে পারি না। তবে এখানে আসার পর একটা বিষয় মনে হয়েছে, ওরা রক্ষণশীল, কিন্তু মানুষ হিসেবে আমাদের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে আধুনিক। সেখানে ড্রাইভার থেকে শুরু করে চিত্রগ্রাহক পর্যন্ত নারী। ওদের রক্ষণশীলতার মধ্যে আমরা অনেকেই নেতিবাচক কিছু হয়তো দেখি, কিন্তু এর মধ্যেই ওরা ইতিবাচক কিছু খুঁজে নেয়।