
চার বছর ধরে বাংলাদেশে ঈদ করছি। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় আমি কুয়েত থেকে আবেদন করেছিলাম। মা-বাবা ও ছোট ভাই ওখানেই থাকে। ঢাকায় মামার বাসায় থাকি। এখন ঈদে মা-বাবা ও ছোট ভাই চলে আসে আমার সঙ্গে ঈদ করতে। তারকা কোনাল হওয়ার আগে আমার সব ঈদ কেটেছে কুয়েতে। সেসব ঈদ একদম অন্য রকম ছিল। প্রবাসী সব বাঙালি একত্র হতাম ঈদের দিন। সবাই সবার বাসায় যেত। একসঙ্গে ঘোরা, কোথাও বেড়াতে যাওয়া। দেখা যেত ঈদের পরদিন একজনের বাসায় সবাই মিলে যেতাম। বাসায় বসে সিনেমা দেখতাম। এখন এসব হয় না। মা-বাবা এলে ঈদের দিন বা তার আগের দিন দাদাবাড়ি মানিকগঞ্জে চলে যাই। সারা দিন সেখানে থেকে সন্ধ্যায় চলে আসি নানু-মামাদের কাছে। ঈদের পোশাক কেনার পাশাপাশি এখন আরেকটি জিনিস কেনা হয়। সিডির দোকানে গিয়ে সব গানের সিডি কিনে নিয়ে আসি। আর আগের থেকে ব্যস্ততা বেড়েছে। চেষ্টা করি ঈদে বন্ধুদের সময় দেওয়ার। আর আমরা যেহেতু ঈদে অন্যদের আনন্দ দিই, তাই ঈদের দিনেও অনেক সময় অনুষ্ঠান করতে হয়, যা আগে কখনোই করা হতো না।