আগে প্রদর্শনী তারপর নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে যাত্রার প্রদর্শনী হবে, এরপর এই যাত্রাদলগুলোর নিবন্ধনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের জন্য যাত্রানুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। ‘সপ্তম যাত্রানুষ্ঠান ২০১৫’ শিরোনামে পাঁচ দিনের এই উৎসব শুরু হয়েছে ২৫ আগস্ট। এখানে ২৫টি যাত্রাদল তাদের যাত্রাপালা পরিবেশন করছে।
২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যাত্রাপালাগুলোর প্রদর্শনী হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। আর প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকছে দর্শকদের জন্য।
এবার উৎসবে যে দলগুলো যাত্রাপালা প্রদর্শন করছে, তাদের মধ্যে রয়েছে দিনাজপুরের সততা যাত্রা ইউনিট, সাভারের সাগরিকা অপেরা, ঢাকার রজনীগন্ধা অপেরা, আকাঙ্ক্ষা লোকনাট্যগোষ্ঠী, রূপসী বাংলা যাত্রা ইউনিট ও স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী, গাইবান্ধার চলো বাংলাদেশ, খুলনার ভাগ্যশ্রী অপেরা, সূর্য মহল, পূজা অপেরা, আদি রংমহল অপেরা, আরতি অপেরা ও আঁখি অপেরা, জামালপুরের দি নিউ সাথী অপেরা, নাটোরের নিউ বাসন্তী শিল্পীগোষ্ঠী ও নাচমহল অপেরা, সিরাজগঞ্জের ভাই ভাই যাত্রা অপেরা, সিলেটের সুরমা অপেরা, নেত্রকোনার নেত্রকথন নাট্য সংঘ, চুয়াডাঙ্গার অঞ্জলী যাত্রা ইউনিট, মেহেরপুরের সীমান্ত অপেরা, যশোরের ডিজিটাল অপেরা ও পারুল অপেরা, মানিকগঞ্জের চারণিক নাট্যগোষ্ঠী।
এসব যাত্রাদলের যাত্রাপালা মূল্যায়ন করছেন যাত্রাশিল্প উন্নয়ন কমিটির কয়েকজন সদস্য। থাকছেন বিচারকও।
সবার মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন দেওয়া হবে। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ছয়টি পর্যায়ে ৮৪টি যাত্রাদলকে নিবন্ধন দিয়েছে।