আগে বলা হয়নি

তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকে কখনো বলা হয়নি। আজ বাঁধন শোনাচ্ছেন না-বলা সে রকম দুইটি ঘটনা
এক জীবনের কত কিছুই তো বলা হয়নি। আমরা তখন থাকি রাজবাড়ীতে। পঞ্চম শ্রেণীতে পড়ি। সেই বয়সেই বলিউড তারকা শাহরুখ খান আমার স্বপ্নের নায়ক। তো, সেই সময় একটি পত্রিকায় বিদেশি অনেক তারকার বাসার ঠিকানা ছাপা হলো। এর মধ্যে ছিল শাহরুখ খানের বাসার ঠিকানাও। এটা দেখে ছোট্ট আমি তো খুশিতে আটখানা! ভাবছি, শাহরুখ খানকে চিঠি লিখব! আমাদের জীবনে তখন ছিল চিঠির যুগ। কারও সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম চিঠি ও পোস্ট অফিস। কারণ, সে সময় তো অন্তর্জাল এতটা সুলভ ছিল না। তা ছাড়া পঞ্চম শ্রেণী পড়ুয়া আমি অন্তর্জালের কী বুঝি। তাই চিঠিই সই। সব সময় ভাবি, আমার স্বপ্নের নায়ক শাহরুখ খানকে চিঠি লিখলে তিনি আমার চিঠির উত্তর দেবেন! এরপর কী হবে...না, ওই বয়সে আমার ছোট মনের কল্পনা আর কিছুই ভাবতে পারছিল না।
যেই ভাবা সেই কাজ—মনের মাধুরী মিশিয়ে শাহরুখ খানকে চিঠি লেখা হলো। তাঁর অভিনয় ভালো লাগে, হাসি ভালো লাগে—ছোট্ট ছোট্ট ইংরেজি বাক্যে এসব লিখলাম আরকি! এরপর লুকিয়ে লুকিয়ে সেই চিঠি পোস্টও করা হলো। ভাবছি, আমার কাজ শেষ। এবার শাহরুখের উত্তর দেওয়ার পালা। কিন্তু না, এখানেই শেষ নয়। শাহরুখকে চিঠি লেখার বাতিকে পেয়ে বসল আমায়। চিঠি লিখি—অসংখ্য চিঠি। তবে কোনো চিঠিরই উত্তর নেই। তাতেও দমে না আমার মন। একেকটি চিঠি লেখার পর সেটি পড়তে পড়তে একরকম মুখস্থ করে ফেলি। মজার ব্যাপার হলো, পত্রিকায় ছাপা হওয়া শাহরুখ খানের বাসার ঠিকানাটি আসল ছিল কি না, এ বিষয়টি তো তখন মাথায় আসেনি। সেই শৈশবে এসব কাজের মধ্যে যেন অন্য রকম একটা প্রশান্তি ছিল।
২.
শাহরুখভক্ত সেই আমি যখন বড় হলাম, এবার তখনকার একটি ঘটনা বলব। বিয়ের পর সে সময় আমি সন্তানসম্ভবা। বাচ্চা জন্মের দিন ঘনিয়ে আসছে। আমার মেয়ে সায়রা গর্ভে আসার পর থেকে আমি যে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলাম, জরুরি কোনো সমস্যা মোকাবিলায় আমাদের তিনি একটি হাসপাতালের জরুরি বিভাগের ফোন নম্বর দিয়েছিলেন।
সায়রার জন্মের ঠিক আগে একরাতে আমার খুবই শারীরিক সমস্যা তৈরি হলো—পানি ভাঙতে শুরু করল। কী করি! আমার স্বামী মাশরুরকে ডেকে বললাম, চিকিৎসকের দেওয়া নম্বরে ফোন করো। কিন্তু দেখি সে কেমন হকচকিত হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। তখন আমি আবারও বললাম, কী ফোন করো! এ সময় সে বলল, অবাক করা একটি বাক্য—‘ফোন করে কী বলব?’
মাশরুরের মুখে এ কথা শুনে ততক্ষণে রাগে আমার মাথার তালু গরম হয়ে গেছে। এক ঝটকায় তার হাত থেকে ফোনটা নিয়ে হাসপাতালে ফোন করে যা বলার আমিই বললাম।
তখন আমাকে দ্রুত হাসপাতালে যেতে বলা হলো। এবার তাকে বললাম, চলো, হাসপাতালে যেতে হবে। কিন্তু দেখি তখনো সে ওয়ার্ডরোবের সামনে খাম্বা হয়ে দাঁড়িয়ে আছে—কোনো নড়াচড়া নেই, মুখে কোনো কথা নেই।
আবার তাড়া দিলাম তাকে। এরপর সে বলল হাস্যকর একটি কথা, ‘আমি কোন পোশাকটি পরব—শার্ট না পাঞ্জাবি?’ আমার শরীর তখন খুবই খারাপ। তবু তার মুখে এ কথা শুনে নিজের মুখের হাসি আটকাতে পারলাম না—হেসে ফেললাম। সঙ্গে সঙ্গে এও বুঝলাম যে আমার এই অবস্থা দেখে দিশাহীন, হকচকিত হয়ে গেছে মাশরুর।
এই স্মৃতি মনে পড়লে মনের অজান্তে আজও হেসে উঠি।
অনুলিখন : আলতাফ শাহনেওয়াজ