আগে বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন হতো সেই জীবনটা?আমরা তিন বোন, এক ভাই। বোনদের মধ্যে আমি আবার তিন নম্বর, সবার ছোট। তাই অন্যদের চেয়ে আমার আদর-আহ্লাদ খানিকটা বেশি। জেদও বেশি। ছোটবেলার ঘটনা—আমার বড় দুই বোন মুনিরা ও মারিয়া নাচ শেখে। প্রতি সপ্তাহে শিশু একাডেমীতে আম্মা তাদের নিয়ে যান। আর আম্মার আঁচল ধরে আমিও যাই বোনদের পিছু পিছু। বোনেরা নাচ করে। তাদের নাচের সেই ছন্দ-তাল দেখে ছোট মানুষ আমিও হাত-পা ছোড়াছুড়ি করি। একসময় আমার নৃত্যের উৎপাতে বোনদের সঙ্গে আমাকেও ভর্তি করিয়ে দেওয়া হলো বাংলাদেশ শিশু একাডেমীর নাচের ক্লাসে। এদিকে আমার খুশি তো আর ধরে না—বোনেরা নাচ করে, আমিও নাচ করি! নিজের কাছে নিজেকে কেমন যেন বড় বড় লাগে। কিন্তু আমার বয়স তখন মাত্র সাত বছর।এর মধ্যে শিশু একাডেমীতে নাচের একটি প্রতিযোগিতা হলো। সেখানে ‘এ’, ‘বি’, ‘সি’ অনেক ক্যাটাগরি ছিল। নৃত্য প্রতিযোগিতায় এ রকম এক ক্যাটাগরিতে প্রথম হলাম আমি! আমার খুশি তখন দেখে কে! কিন্তু আম্মা দেখি মেয়ের এই কৃতিত্বে খুশি হয়েও কেমন মুখ ভার করে আছেন! ঘটনা কী? তখন তো অতশত বুঝি না। পরে জানা গেল, প্রথম হওয়ার পুরস্কারস্বরূপ আমাকে এরপর এক মাসের জন্য তুরস্কসহ বেশ কয়েকটি দেশে পাঠানো হবে। এ ঘটনায় আমি খুশির ওপর ডবল খুশি। আনন্দে আমার যেন আর মাটিতে পা পড়ছে না।তবে গোল বাধল আম্মাকে নিয়ে। এত ছোট মেয়ে আমাকে তিনি কিছুতেই এত দূর যেতে দেবেন না। কিন্তু জেদ ধরলাম আমি, তুরস্ক যাবই। অবশেষে মায়ের পরাজয়—তুরস্ক গেলাম আমি।এখানে আমাদের মতো ছোট বাচ্চাদের একেকটি পরিবারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। যে পরিবারের সঙ্গে আমাকে রাখা হলো, তারা খুব ভালোবাসত আমাকে। প্রথম দিনই পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমায় বলা হলো, ‘এরা তোমার নতুন আব্বু-আম্মু, খালা ও বোন।’ ওখানে নিয়মটাই এমন ছিল, যে পরিবারে আমরা থাকতাম, ওই পরিবারের কর্তা-কর্ত্রীকে আম্মু-আব্বু বলে ডাকতে হতো। তো এসব দেখে আমার তুরস্ক আসার সাধ মুহূর্তে যেন মিইয়ে গেল। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আম্মুর জন্য কাঁদতাম। তবে আমার সেই কান্না খানিকটা কমে ছিল বসাক নামের একটি মেয়েকে পেয়ে।বসাক আমার বয়সী, তুরস্কের ওই পরিবারের সন্তান। তার সঙ্গে দুর্দান্ত ভাব হয়েছিল আমার। প্রায় ১৫ দিন ছিলাম সেই পরিবারে। তারা আমাকে এতটাই আপন করে নিয়েছিল যে বাংলাদেশে আমার আম্মুর কাছে তারা চিঠি লিখেছিল আমাকে তাদের কাছে রেখে দেওয়ার জন্য। স্বভাবতই আম্মু রাজি হননি, উল্টো ভয় পেয়েছিলেন—ছোট মেয়েকে বুঝি এবার হারিয়েই ফেললেন তিনি!তারপর এক মাসের সফর শেষে বাংলাদেশে মায়ের কোলে ফিরে এলাম আমি। শৈশবে তুরস্ক ভ্রমণের সেই স্মৃতি মনে করে এত বছর পর আজ ভাবি, সেদিন সত্যিই যদি ওই পরিবারের সঙ্গে তুরস্কে থেকে যেতাম, তবে জীবনটা বোধ হয় অন্য রকম হতো, কেমন হতো সেই জীবনটা?প্রথম প্রেমের রঙিন চিঠিআমি বেড়ে উঠেছি মোটামুটি রক্ষণশীল পরিবারে, মা-বাবার কড়া শাসনের মধ্যে। আমার স্কুল-কলেজ দুটোই মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। ওখানে শুধু মেয়েরাই পড়ত। তবে বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যেই আমার মনে হতো, ছেলেমেয়ে একসঙ্গে যদি পড়ালেখা করা যেত! নিপাট বন্ধু অর্থে আমার যদি ছেলেবন্ধু থাকত একজন! আমার এমন মনে হওয়ার কারণ হলো, আশপাশের অনেককেই দেখতাম, যাদের ছেলেবন্ধু আছে। তাদের দেখে নিজেকে কেমন যেন ভাগ্যহীন মনে হতো; কিন্তু আমার দৌড় ওই ছেলেবন্ধুর ভাবনা পর্যন্তই। কেননা, আম্মার কঠিন নজরদারিতে তখনো প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করছি।এভাবেই শেষ হলো মাধ্যমিক। ভাবলাম, এবার কলেজে উঠে বোধ হয় ছেলেমেয়ে একসঙ্গে পড়তে পারব। কিন্তু না, আবারও মোহাম্মদপুর প্রিপারেটরি। তবে স্কুল শেষ করে কলেজে ওঠার মাঝখানে আমার জীবনে একটি ঘটনা ঘটল—কারও কাছ থেকে প্রথম প্রেমের চিঠি পেলাম আমি। সে ঘটনাটিই আজ বলতে চাই। মাধ্যমিকের পর কলেজে ওঠার আগে আগে একটি কোচিংয়ে ভর্তি হলাম। এখানে ছেলেমেয়ে সবাই একসঙ্গে পড়ে। ওই কোচিংয়ে পরিচয় ঘটল একটি ছেলের সঙ্গে—পড়ালেখায় খুবই ভালো। আমাদের কোচিংয়ে নিয়মিত প্রথম হয় সে।অন্যদিকে, শিক্ষার্থী হিসেবে আমি মাঝারি গোছের। কোচিংয়ে আমাকে নানাভাবে সাহায্য করে ছেলেটি। আর আমিও বন্ধু ভেবে তার সাহায্য নিতে কুণ্ঠাবোধ করি না। এর মধ্যে এক মাস পার হলো। তারপরই ঘটল সেই অঘটন—এক বন্ধুর মাধ্যমে আমার কাছে প্রেমপত্র পাঠাল ছেলেটি। গোটা গোটা হরফে বেশ আবেগী ভাষায় লেখা চিঠি ‘ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া বাঁচব না’—এসব আর কি। তবে প্রেমময় চিঠিটির আরও একটি বৈশিষ্ট্য ছিল—এটি সে লিখেছিল নানা রঙের সাইন পেন ব্যবহার করে। ফলে আকার-গড়নে সেটি হয়ে উঠেছিল প্রেমের মতোই রঙিন।কিন্তু এত রঙের বাহারেও নিষ্ঠুর আমার মন গলল না। উল্টো রঙিন ওই চিঠিটি আমি আমার বোনদের দেখালাম। এরপর চিঠিটি নিয়ে আমরা তিন বোন হেসে কুটি কুটি। এর মধ্যে আমার এক বোন আবার রস ছিটিয়ে বলল, ‘মোনা, এটা তুমি বাঁধাই করে রাখো। এত রঙের প্রেমপত্র জীবনেও পাবে না। হা হা হা।’প্রথম প্রেমের চিঠি পাওয়ার সেই ঘটনাটি মনে হলে কেন জানি না এখনো হাসি পায়। অনুলিখন: আ. শা.