আগে বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকেই কখনো বলা হয়নি। নতুন এই বিভাগে আজ সুমাইয়া শিমু শোনাচ্ছেন না-বলা সে রকম দুটি ঘটনা।আহা কী মজা কী মজা...তখন আমি একদম পিচ্চি। চার-পাঁচ বছর বয়স। নড়াইল শহরে থাকি। আমাদের বাড়ির সবাই গানবাজনা করেন। ফলে আমার না করে উপায় কী! সে সময় একটি অনুষ্ঠানে গান গাইতে উঠেছি আমি। ছড়াগান গাইব, আমার তো উৎসাহের শেষ নেই। কিন্তু তখন আমি এত ছোট যে হারমোনিয়ামে ঠিকমতো নাগাল পাই না। তাই আমার বড় বোন শিল্পী হারমোনিয়াম বাজিয়ে দিচ্ছে এবং মহানন্দে গাইছি আমি। গানটি ছিল ‘নানু-দাদু হচ্ছে শিশু শিশুপার্কে গিয়ে...।’ মাঝখানে আরও অনেক কিছু ছিল। শেষে ছিল ‘আহা কী মজা কী মজা কী মজা।’ তো, বিপুল উৎসাহে গান গাইছি। এতটুকু মেয়ে সুন্দর করে গান করছে। ফলে দর্শকেরাও বাহ্বা দিচ্ছেন। এসব দেখে আমার উৎসাহ আরও বেড়ে গেল। অন্যদিকে গানের শেষে যে মঞ্চ ছেড়ে চলে যেতে হয় এবং মঞ্চ ছেড়ে যাওয়ার মতো করুণ ব্যাপার ঘটে—বিষয়টি আমি তখন জানতাম না।গানের শেষ পর্যায়ে গাইলাম শেষ লাইন—‘আহা কী মজা কী মজা কী মজা।’ শেষ লাইন তো দু-তিনবার গেয়ে আস্তে আস্তে গানটি শেষ করতে হয়। কিন্তু আমার মধ্যে শেষ করার কোনো লক্ষণ নেই। বরং বারবার গেয়ে যাচ্ছি ‘আহা কী মজা কী মজা কী মজা।’ আমার বোন চোখের ইশারায় আমাকে মঞ্চ থেকে নামার জন্য বলছে। কিন্তু কে শোনে কার কথা।ওদিকে ততক্ষণে দর্শকের মজা বিরক্তিতে পরিণত হয়েছে। তবে আমার মজা আর শেষ হয় না। গলা খুলে গাইছি, ‘কী মজা কী মজা কী মজা।’ অবস্থা বেগতিক দেখে নড়াইলের সেই সময়কার জেলা প্রশাসক কোলে করে মঞ্চ থেকে নামালেন আমাকে। কিন্তু তখনো আমি বলছি, ‘আহা কী মজা কী মজা কী মজা...।’ওমা সুস্মিতা সেন!দ্বিতীয় ঘটনাটি বেশ বড় বয়সের। উচ্চমাধ্যমিকে পড়ি। প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছি। ছবি দেওয়ার দুই-তিন দিনের মধ্যে বিজ্ঞাপনে ডাক পেলাম। শুটিং হবে মুম্বাইয়ে। ফলে আমার তো সে সময় ‘মেঘ না চাইতে জল’ অবস্থা। বিজ্ঞাপনটি ছিল ব্রিজ বিউটি সোপের। অ্যাডকম নির্মিত এ বিজ্ঞাপনে আমার সহশিল্পী দিশা। আমাদের সঙ্গে আছেন অ্যাডকমের গীতি আরা সাফিয়া চৌধুরী, মানে আমাদের চম্পা আন্টি। মুম্বাইয়ের উদ্দেশে বিমানে চেপে মজা করে যাচ্ছি সবাই। মাঝখানে কলকাতায় যাত্রাবিরতি। এ সময় খুব সুন্দর লম্বা একটি মেয়ে আমাদের নজর কাড়ল। দিশাকে বললাম, দেখ, দেখ মেয়েটা কী সুন্দর! খানিক পরে তাঁর কাছে গিয়ে আমাদের চক্ষু ছানাবড়া—ওমা, এ তো দেখি সুস্মিতা সেন!আমি তখন খুবই আনকোরা সাধারণ একজন মেয়ে। চোখের সামনে সুস্মিতা সেনকে দেখছি। অবস্থাটা বুঝতেই পারছেন। হকচকিত হয়ে ইংরেজি-হিন্দি মিশিয়ে কথা বললাম তাঁর সঙ্গে। একসময় কী যেন বলে ফেললাম বাংলায়। কথা শুনে আমাদের পরিষ্কার বাংলায় তিনি বললেন, ‘তোমরা বাঙালি, বাংলায় কথা বলো!’ আসলে অপ্রত্যাশিত এ ঘটনায় আমাদের কাণ্ডজ্ঞান এতটাই লোপ পেয়েছিল যে ভুলেই গিয়েছিলাম সুস্মিতা সেন বাঙালি।এরপর বিমানে তাঁর সঙ্গে আরও কথা হলো। ছবি তুললাম, অটোগ্রাফ নিতেও বাদ রাখিনি। ঘটনাটি এখানেই শেষ হতে পারত। কিন্তু বিদায়ের সময় তিনি তাঁর ভিজিটিং কার্ডটি দিলেন। ফলে কেন যেন ঘটনাটি শেষ হতে গিয়েও হলো না।মুম্বাইয়ে শুটিংয়ের ফাঁকে একদিন দিশাসহ বিচ কুইন অ্যাপার্টমেন্টে তাঁর ফ্ল্যাটে হানা দিলাম। কিন্তু বাদ সাধল নির্দয় গার্ড, কিছুতেই ঢুকতে দেবে না আমাদের। শেষে ওই ভিজিটিং কার্ডটি দেখানোর পর মিলল গেট পাস। আবারও দেখা পাওয়া গেল সুস্মিতা সেনের। আমাদের অনেক কিছু খেতে দিলেন তিনি। তবে তখন আমি কিছুই খাচ্ছি না। শুধু হাঁ হয়ে দেখছি তাঁকে। এই সময় কানে কানে দিশা বলল, ‘এত খাবার, কিছু একটা খা। না হলে তো বাড়ি গিয়ে কোনো গল্পই করতে পারবি না, বলতে পারবি না যে সুস্মিতা সেনের বাড়িতে গিয়েছিলাম, এটা খেয়েছি ওটা খেয়েছি।’  অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ