আগে বলা হয়নি
তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকেই কখনো বলা হয়নি। নতুন এই বিভাগে আজ শাকিলা জাফর শোনাচ্ছেন না-বলা সে রকম দুটি ঘটনা।গানের ‘গ’ না জেনেই গান করেছিমানুষের জীবনে তার শৈশব বোধহয় সবচেয়ে সুন্দর সময়। আমার শৈশব কেটেছে পাকিস্তানের নাজমাবাদে। ওখানে ‘চিলড্রেন এডুকেশন ফিল্ড অ্যান্ড পার্ক স্কুলে’ পড়তাম আমি। প্রতিবছর আমাদের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এ রকম এক অনুষ্ঠানের আগে জোরেশোরে মহড়া চলছে। আমি তখন খুবই ছোট্ট, গান শেখা শুরু করিনি। তবে প্রতিদিনই গানের মহড়ায় বসে থাকি। অনুষ্ঠান উপলক্ষে সংগীত পরিচালক ছেলেমেয়েদের সুর-তাল-লয়সহ গান শেখাচ্ছেন—এসব দেখতেই ভালো লাগে। একদিনের ঘটনা। সংগীত পরিচালক সবাইকে পল্লিগীতি ধরনের একটি গানের সুর ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেউই পারছে না। ওই গানের সুরের ভেতর একটি বিশেষ ধরনের টান ছিল—টানটিই দিতে পারছিল না কেউ।কোন এক খেয়ালে হঠাৎ করে এ সময় আমিই গেয়ে উঠলাম গানটি। ওমা, সুর-তাল-লয়-টান একেবারেই ঠিক, খাপে খাপ মিলে গেছে!আমার গান শুনে পরিচালক তো খুব খুশি। তখনই জানিয়ে দিলেন, অনুষ্ঠানে এটি গাইতে হবে আমাকেই। আমাকে তখন আর পায় কে! গানের ‘গ’ না জেনেও গান করব—কী খুশি যে লাগছে!তো অনুষ্ঠানের দিন অতিথি হিসেবে এসেছেন বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজ। ঠিকঠাকমতো গান করলাম। এরপর ঘটল এক কাণ্ড—অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুনতে পেলাম, পুরস্কার নেওয়ার জন্য নাম ডাকা হচ্ছে আমার! বিস্ময়ে হতবাক, ছোট্ট আমি পড়িমরি করে গিয়ে পুরস্কার নিলাম ফয়েজ আহমেদ ফয়েজের হাত থেকে—সুন্দর একটি কয়েনবাক্স। গানের ক্ষেত্রে সেটাই আমার প্রথম পুরস্কার।আসলে পাকিস্তানে আমার শৈশবের দিনগুলো ছিল দারুণ মনোরম। এমনকি পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসার পরও ওখানকার স্কুলের টিচার-ম্যাডামরা নিয়মিত আমাকে চিঠি লিখতেন। আর ১৯৭০ সালে চলে আসার সময় ওঁরা আমার জন্য যে বিদায় অনুষ্ঠান করেছিলেন, সেসব কি ভোলা যাবে!গান শেখা ছেড়ে দিতে চেয়েছিলামছোটবেলা থেকে আমি খুব চঞ্চল প্রকৃতির, অনেকটা ‘টমবয়’-এর মতো ছিলাম। সারা দিন আরামবাগের ছোট্ট মহল্লায় গোল্লাছুট, বরফপানি, টিলো এক্সপ্রেস—এসব খেলতাম। আমার বাবা-মা দুজনই ভীষণ নিয়মতান্ত্রিক। ফলে বাড়িতে ছিল নিয়মের কড়াকড়ি—নিয়ম করে পড়ালেখা, খেলাধুলা করা—এসব আরকি। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ঘরে ফিরতে হবে—এই হলো আমাদের বাড়ির নিয়ম। কিন্তু প্রায়ই খেলতে খেলতে সন্ধ্যা পেরিয়ে যেত। তাই বাড়িতে ফিরেই মায়ের হাতে সপাং সপাং মার খাওয়া ছিল অবধারিত। মায়ের সেই মারগুলো ছিল ভয়াবহ। এভাবেই বেড়ে উঠছিলাম আমি। মাধ্যমিক পরীক্ষার পর অফুরন্ত অবসরে প্রথম গান শেখা শুরু করি। এরপর এক ঘটনায় গানই ছেড়ে দিতে চেয়েছিলাম।এখন পর্যন্ত গান ছেড়ে দিতে চাওয়ার প্রকৃত কারণটি কাউকেই বলিনি, আজ বলতে চাই। ঘটনাটি ছিল ভয়াবহ। বাবার বয়সী একজন আমাকে গান শেখাতেন। বিখ্যাত মানুষ তিনি খুব শ্রদ্ধা করতাম তাঁকে। একদিন আমার সঙ্গে তিনি এমন অসম্মানজনক একটা আচরণ করলেন, বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। গানের ওপর থেকে রুচিই উঠে গেল। বারবার শুধু মনে হচ্ছিল, বাবার মতো যাঁকে সম্মান করি, তিনি এমন!যা হোক, আমার এক ভাই পরে অনেক বোঝালেন আমাকে। বললেন, ‘সবাইকে এক রকম মনে করছ কেন? এখানে অনেক ভালো মানুষও আছেন। আবার নতুন করে শুরু করো।’আবার নতুনভাবে গান শেখা শুরু করলাম ওস্তাদ মিথুন দের কাছে। তখন থেকে বুঝেছি, গানের জগৎটা কত বিশাল। আর এখানে ভালো মানুষের সংখ্যাই অনেক বেশি। অনুলিখন: আ শা