আগে বলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকেই কখনো বলা হয়নি। আজ রিচি সোলায়মান শোনাচ্ছেন না-বলা সে রকম দুটি ঘটনাছোট্ট আমার অভিমানতখন আমার সোনালি শৈশবের দিন। পড়ি গ্রিন রোডের সেন্ট জুড স্কুলে। আমাদের স্কুল শুরু হতো সকাল আটটায় এবং ছুটি হতো বেলা দেড়টায়। ছুটির পর সবাই ঠিক সময়মতো সন্তানকে স্কুল থেকে নিয়ে যেতেন। কিন্তু আমার আম্মুর আসতে বেশ দেরি হতো। কোনো কোনো দিন এক ঘণ্টাও লাগত। দিনের পর দিন এ রকম ঘটনায় মায়ের ওপর খুব অভিমান হলো। একদিনের ঘটনা। স্কুল ছুটি হয়েছে। যথারীতি আমাকে নিতে দেরি করেছেন আম্মু। একসময় স্কুলের দোতলা থেকে দেখলাম, তিনি গেটে দাঁড়িয়ে। তাঁকে দেখেই দৌড়ে একদম শেষ প্রান্তের একটি শ্রেণীকক্ষে লুকিয়ে পড়লাম ছোট্ট আমি।ওদিকে আমায় খুঁজে খুঁজে হয়রান আম্মু। দারোয়ান, বুয়া—সবাই আমার নাম ধরে ডাকছেন। আম্মুও চিৎকার করে ডাকছেন। সবই শুনছি, কিন্তু আড়াল থেকে বেরোচ্ছি না। এদিকে খোঁজাখুঁজিতে মিনিট বিশেক পার হয়েছে। একসময় দেখলাম অঝোরে কাঁদছেন আম্মু। আর মুহূর্তেই আমার সব অভিমান গলে পানি হয়ে গেল। তখন বুঝিনি, বড় হয়ে বুঝেছি, বাসার সবকিছু সামলে আমাকে নিতে আসতে খানিকটা দেরি হতো আম্মুর। আর নিজে মা হওয়ার পর এখন এ-ও বুঝি যে মায়ের কাছে সন্তান কত আদরের ধন। বাবার মৃত্যুআমার বাবা এম এম সোলায়মান ছিলেন ব্যবসায়ী। ছোটবেলায় বাবার কাছে এটা-ওটা বায়না—এ যেন আমার নিত্যকর্ম। সেই বাবাই মারা গেলেন আমার হাতের ওপর। বাবার মৃত্যুই এখন পর্যন্ত আমার জীবনে দেখা প্রথম এবং শেষ মৃত্যু।বাড়িতে আমার নাম মুন্নী। তখন ২০০৫ সাল। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমি। অন্যান্য দিনের মতো সেদিন সকালেও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছি। দিনটি ছিল ১২ ফেব্রুয়ারি। হঠাৎ বাবা এলেন আমার ঘরে, পাশে বসলেন। আমি তখন বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। একসময় দেখলাম, কেমন যেন হয়ে যাচ্ছেন তিনি। বললাম, ‘আব্বু, তোমার কি কষ্ট হচ্ছে? হাসপাতালে যাবে?’ উত্তরে কিছু কি বলার মতো সময় পেয়েছিলেন? দেখলাম, শরীরটাকে খাটের ওপর এলিয়ে দিচ্ছেন তিনি। আমি বাড়িয়ে দিলাম হাত। সেই হাতের ওপর বাবা রাখলেন তাঁর মাথা। একসময় নিজের ডান হাতটি ছেড়ে দিলেন। চিৎকার করে ডাকলাম বড় ভাই ফাহাদকে।এরপর খুব দ্রুতই তাঁকে নিয়ে যাওয়া হলো জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে। চিকিৎসক বললেন, ১০ মিনিট আগেই আমাদের ছেড়ে চলে গেছেন বাবা।হাসপাতালে বিমূঢ় হয়ে বসে আছি। পাশে বড় ভাই ও মা। বাবা নেই, আমার হাতের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি—এই সত্য তখনো মানতে পারছি না আমি।ওদিকে আমার ছোট ভাই ফাহিম সে সময় স্কুলে। তাই তাকে আনতে স্কুলে ছুটে যেতে হলো মা ও আমাকে। গাড়িতে করে যাচ্ছি। এর মধ্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন মা। ভুলে গেছেন নিজের ছেলের নামটিও!ফাহিমের স্কুলের গেটের সামনে গাড়িতে বসে আছি আমরা। মা বারবার দারোয়ানকে বলছেন, ‘আমার ছেলে...ওকে ডেকে নিয়ে আসো।’ কিন্তু নিজের ছেলের ‘ফাহিম’ নামটি কিছুতেই মনে আসছে না তাঁর।মানুষ যখন অনেক বড় বিপদের মুখোমুখি হয়, সেই মুহূর্তে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আমারও তখন সেই অবস্থা। গাড়ি থেকে বের হয়ে ভাইকে যে নিয়ে আসব, এ সময় গাড়ির দরজার লকটা খুঁজে পাচ্ছি না, তাই জানালা দিয়েই বের হতে চাইছি!আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে কবর দেওয়া হয় আমাদের গ্রামের বাড়ি নীলফামারীতে। মৃত্যুর পর তাঁর মুখে পবিত্র একটা আভা ভর করেছিল। বাবাকে ভুলিনি, ভুলতে পারব না কখনো। তিনি ছিলেন তুলা রাশির জাতক, আমার সন্তান রাইয়ানও তা-ই। সে নানাকে দেখেনি।এখন যখন সস্নেহে নাতি কোলে নিতে দেখি কাউকে, তখন অভাগার মতো সেই অপূর্ব দৃশ্যের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি আমি। খুব কষ্ট হয়। মনে হয়, আহা! বাবা থাকলে আজ রাইয়ানকেও এমনভাবে কোলে নিতেন তিনি। অনুলিখিত