তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকেই কখনো বলা হয়নি। আজ কুমার বিশ্বজিৎ শোনাচ্ছেন না-বলা সে রকম দুটি ঘটনা
আগে বলা হয়নি
তুলতুলের যুদ্ধ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখন আমার নয় বছর বয়স। শৈশবের সেই বিস্ময়মাখা দিনে যুদ্ধ আমার মধ্যেও নতুন এক উন্মাদনা সৃষ্টি করেছিল। ভাবতাম, আমি পাকিস্তানি হানাদারদের মারছি। শিশুবেলায় নিজেকে নায়ক মনে হতো তখন।বেড়ে উঠেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের সবার ঠাঁই হয়েছিল ফেনিসংলগ্ন আগরতলার বিলনিয়াতে। একে বলা হতো শাবরুম বর্ডার। তো, সেই সময় শাবরুম সীমান্তে বাঁশের মাচাংয়ের ওপর ঘুমাতাম আমরা। অনেকের সঙ্গে ভাগাভাগি করে খেতাম সামান্য খাবারটুকু আর অবাক চোখে দেখতাম মুক্তিযোদ্ধাদের। সারা দিন যুদ্ধ শেষে সন্ধ্যায় ক্যাম্পে ফিরে নানা রকম গল্প করতেন তাঁরা। তাঁদের দেখে আমার কেবলই মনে হতো, আমিও যুদ্ধে যাব। বোমা মেরে উড়িয়ে দেব হায়েনাদের।তবে মনের ইচ্ছা মনেই গুমরে মরে—আমার বয়স যুদ্ধে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আমি তো তখন বড়সড় কুমার বিশ্বজিৎ নই, মা-বাবার কোলে থাকা ছোট্ট তুলতুল। তুলতুল আমার ডাকনাম। আমি যখন মায়ের গর্ভে, তখন এক শিল্পীর গান মায়ের এতই ভালো লেগেছিল যে ওই শিল্পীর নামে তাঁর ছেলের নাম রাখলেন তুলতুল।সেই ছোট্ট তুলতুল আমি প্রতি সন্ধ্যায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান গাই। মুক্তিযোদ্ধারা মুগ্ধ হয়ে শোনেন এক শিশুর গান। মনে আছে, একবার ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি গেয়ে পাঁচ টাকা পুরস্কার পেয়েছিলাম। এটি আমার জীবনের অনেক বড় পুরস্কারের একটি। কারণ, একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে পুরস্কারটি পেয়েছিলাম।একসময় যুদ্ধ শেষ হলো। আমরা ফিরে এলাম চট্টগ্রামে। তবে মনের আক্ষেপটা তখনো রয়েই গেছে—মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি আমি। অবশেষে দুধের স্বাদ মিটল ঘোলে—একজন পাকিস্তানি সেনাকে আঘাত করতে পারলাম। সেই আঘাত যতই সামান্য হোক, এর মাধ্যমেই তো নিজের কাছে যোদ্ধা হয়ে উঠেছি আমি!যুদ্ধ শেষে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাত্র ফিরে এসেছি। এই সময় শুনলাম, আমাদের বাড়ির পাশে একটি ওষুধ কোম্পানির গুদামঘরে কয়েকজন পাকিস্তানি সেনাকে আটকে রাখা হয়েছে। গুদামঘরের ছোট্ট ফোকরের মধ্যে এরপর দেখতেও পেলাম তাদের।ওদিকে আমার মধ্যে তখন জিদ—একজন পাকিস্তানি সেনাকে হলেও আঘাত করব। তক্কে তক্কে থেকে অবশেষে একদিন একটি ইটের টুকরো ছুড়ে মারলাম এক সেনার দিকে। ওটি গিয়ে লাগল তার কপালে। এরপর আমার বিজয়োল্লাস দেখে কে—আমি পেরেছি, আমি পেরেছি; নয় বছরের ছোট্ট তুলতুল যোদ্ধা হয়ে উঠেছে!যুদ্ধদিনের এসব ঘটনা মনে হলে বুকের ভেতর আজও অন্য রকম কাঁপন জাগে।বাবার লাশের পাশে...আমার দ্বিতীয় ঘটনাটি খুবই মর্মান্তিক। ১৯৯৩ সালের কথা। তখন তুলতুল নয়, কুমার বিশ্বজিৎ নামেই সবাই চেনে আমাকে। আমার বাবার নাম সাধনরঞ্জন দে এবং মা শোভা রানী দে। ছোটবেলা থেকে বাবার সঙ্গে খানিকটা দূরত্ব ছিল আমার। যত আবদার সবই ছিল মায়ের কাছে।তো, ১৯৯৩ সালে বাবার ওপেন হার্ট সার্জারির অপারেশন হয় কলকাতায়। আমার এক চাচা, মা ও আমি বাবার সঙ্গে কলকাতা যাই। ওই সময়ই বাবার সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব ঘুচল আমার। বাবা হয়ে উঠলেন আমার সবচেয়ে কাছের বন্ধু। এর মধ্যে ভালোভাবে তাঁর অপারেশন শেষ হলো। অন্যদের বাবার কাছে রেখে আমি ফিরে এলাম ঢাকায়।এর কয়েক দিন পরই বিনা মেঘে বজ্রপাত—অপারেশনের পর ইনফেকশন হওয়ায় অকস্মাৎ কলকাতাতেই মারা গেলেন বাবা। জীবন্ত বাবাকে নিয়ে গিয়েছিলাম কলকাতায়। এখন ঢাকাতে আমি তাঁর লাশের জন্য অপেক্ষা করছি! অতঃপর বিমানে চেপে কফিনবদ্ধ অবস্থায় বাবা ফিরলেন স্বদেশে, ঢাকায়। এরপর আমরা তাঁকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছি।তখন চট্টগ্রাম যেতে কয়েকটি ফেরি পার হতে হতো। মেঘনা নদীর ওপর এমন এক ফেরিতে বাবার লাশ নিয়ে দাঁড়িয়ে আছি মাসহ আমি। বাবার লাশটি গাড়ির ভেতরে। আমি ও মা গাড়ির বাইরে এসে মাত্র দাঁড়িয়েছি। হঠাৎ দেখি, আমার চারপাশে অনেক মানুষের জটলা। সবাই চিনে ফেলেছে আমাকে।‘আপনি কুমার বিশ্বজিৎ। আপনাকে পেয়েছি! এখন অটোগ্রাফ দিন’—মানুষের এই কথার সঙ্গে সঙ্গে দেখলাম, অনেক খাতা এগিয়ে আসছে আমার দিকে। কিন্তু বাবার কফিনের পাশে তখন তো আমি অটোগ্রাফ দেওয়ার মতো অবস্থায় নেই।হাত জোড় করে সবাইকে বললাম, ‘আমার বাবা মারা গেছেন। এই গাড়িতে বাবার লাশ। আমি এ মুহূর্তে অটোগ্রাফ দিতে পারব না।’আশ্চর্য! কেউই বিশ্বাস করল না আমার কথা! ভক্ত হিসেবে তাঁদের একটাই দাবি, ‘অটোগ্রাফ দিতেই হবে।’ অগত্যা বাবার লাশের পাশে দাঁড়িয়ে আমাকে অটোগ্রাফ দিতেই হলো। সেদিন মনে হয়েছিল, হায় রে শিল্পীজীবন! ব্যক্তিগত জীবন বলে শিল্পীদের আসলেই কিছু থাকে না। অনুলিখন: আ. শা.