তারকাদের বর্ণময় জীবনে থাকে বিচিত্র ঘটনা—কোনোটি বিশাল, কোনোটি সামান্য। এর মধ্যে এমন অনেক কিছু আছে, যা কাউকেই কখনো বলা হয়নি। আজ মিলন শোনাচ্ছেন না-বলা সে রকম দুটি ঘটনা
আগে বলা হয়নি
আমাদের গুলি খেলাআমরা চার ভাইবোন। পিঠাপিঠি তিনজন—বড় দুই বোনের পরে আমি। বেড়ে উঠেছি ঢাকায়, কলাবাগান স্টাফ কোয়ার্টারে। তখন প্রতিটি বিল্ডিংয়ের সামনে প্রশস্ত খেলার মাঠ ছিল। আমরা থাকতাম পাঁচ নম্বর বিল্ডিংয়ে। সেই সময় সারা দিন মহল্লার ছেলেমেয়েদের সঙ্গে খেলাধুলা করে কেটে যেত আমার সময়। তখন কিন্তু মা-বাবারা আজকালকার মা-বাবার মতো সন্তানকে এতটা দেখভাল করতেন না। মানে নিয়ম করে স্কুলে নিয়ে যাওয়া ও নিয়ে আসা, সব সময় খোঁজখবর রাখা ইত্যাদি। ফলে শৈশবে সে সময় আমাদের স্বাধীনতা ছিল অনেক বেশি।যে সময়ের কথা বলছি, তখন আমি কলাবাগান প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ি। বয়স কতই আর—আট বা নয় বছর। শৈশবে সেই সময় পাড়ার সমবয়সীরা মিলে দিনমান মার্বেল খেলতাম আমরা। মার্বেল খেলতে খেলতে স্কুলও ফাঁকি দিতাম দেদার। অবস্থা এমন, একটা মার্বেলের জন্য তখন যেন জীবনটাই দিয়ে দিতে পারতাম। আঞ্চলিক ভাষায় এই মার্বেল খেলাকে আমরা বলতাম গুলি খেলা।আমাদের স্কুল শুরু হতো দুপুর ১২টায়। কত দিন স্কুলে না গিয়ে স্টাফ কোয়ার্টারের চিপা গলির মধ্যে বসে মার্বেল খেলায় মত্ত হয়েছি! ওদিকে আম্মা তাঁর ছেলেকে স্কুলে পাঠানোর জন্য এ বিল্ডিং-ও বিল্ডিং খুঁজছেন; কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। কারণ, আমি তো তখন আম্মাকে ফাঁকি দিয়ে গায়ে ধুলাবালু মেখে মজিবর, রিমন, শিপন, বাবলু, মহম—তাদের সঙ্গে এক মনে গুলি খেলছি। এরপর ঘড়ির কাঁটা দুপুর ১২টার ঘর অতিক্রম করা মাত্র গুটিসুটি পায়ে ঘরের ছেলে ফিরে আসছি ঘরে। এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন।এর মধ্যে অঘটনটা ঘটালেন আম্মা। একদিন বেরসিকের মতো তিনি তাঁর সুপুত্রের কীর্তি—মার্বেল খেলার বৃত্তান্ত সবিস্তারে জানিয়ে দিলেন আব্বাকে। ঘটনা শুনে আব্বা আম্মার মতো আমাকে মারধর করলেন না। কিন্তু...তিনি আমার জমানো প্রায় এক হাজার মার্বেল ঘরের জানালা দিয়ে নিচে ফেলে দিলেন। আব্বা একেকটি করে মার্বেল ফেলছেন আর তাঁর থেকে একটু দূরে দরজায় দাঁড়ানো আমার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল! আম্মাকে মনে হচ্ছে, জলজ্যান্ত বিভীষিকার মতো—কেন আব্বাকে এসব কথা বলতে গেলেন তিনি, একটুও কি দয়ামায়া হলো না! আহা, টিফিন বাবদ পাওয়া বারো আনার মধ্য থেকে বাঁচিয়ে, আব্বার পকেট কেটে, কখনো আবার বাজারের পয়সা লোপাট করে— কতভাবেই না এসব মার্বেল সংগ্রহ করেছিলাম! তবে পরাজয়ে বীরের টললে কি চলে। তাই আমিও টললাম না। বাইরে ফেলে দেওয়ার সময় যে কয়টি মার্বেল ঘরের কোনা-কাঞ্চিতে ঘাপটি মেরে ছিল, সেগুলোকে জড়ো করে ওই দিন বিকেলেই আবার চললাম মার্বেল খেলতে। তারপর খেলায় জয়ী হয়ে হাফপ্যান্টের দুই পকেটে ভর্তি মার্বেল নিয়ে তবেই ঘরে ফিরেছিলাম আমি।আজ যখন শৈশব স্মৃতির দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে, নেশার মতো মার্বেল খেলার উন্মাদনা—আমাদের গুলি খেলা...হায়, কোথায় গেল সেই সব দিন!সেবা প্রকাশনীর বইয়ের মধ্যে...অষ্টম শ্রেণী পার করে নবম শ্রেণীতে উঠেছি। পড়ছি বাণিজ্য বিভাগে। তখন আমি আবার সেবা প্রকাশনীর বইয়ের ভীষণ পোকা। শুধু আমি কেন, আমাদের বয়সী সবাইকে সেবা প্রকাশনীর বই জাদুর মতো আকর্ষণ করত। এটা ছিল এমন এক বয়স—যা দেখি, সবই রঙিন মনে হয়। আর প্রথম প্রেমে পড়ার থরকম্প অবস্থা, সে তো আরও বেশি রঙিন।তখন এক শিক্ষকের কাছে ব্যাচে পড়তে যেতাম। আমাদের সঙ্গে ব্যাচে ওই শিক্ষকের মেয়েও পড়ত। দেখতে সে যথেষ্ট সুন্দরীই ছিল। সেই বয়সে যা হয়, আমি ওই মেয়ে অর্থাৎ আমার সহপাঠীর প্রেমে পড়ে গেলাম। কিন্তু প্রেমে পড়ে মেয়েটির দিকে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেই তো হবে না, তাঁকে প্রেমের কথাটি বলাও তো চাই। কী করি কী করি, আমার ভেতর দারুণ অস্থিরতা। এ সময় বুদ্ধি খুলল—আরে, সেবা প্রকাশনীর বইয়ের মধ্যে প্রেমের চিঠি পাঠিয়ে দিলেই তো হয়! আমার মতো সেও বইয়ের দারুণ ভক্ত। তাই সেবা প্রকাশনীর বইকে সে সময় যেন মনে হয়েছিল অসহায়ের সহায়! এরপর অনেক ভেবে চিঠি লিখে সেবার ‘লাভ স্টোরি’ নামের এক বইয়ের সঙ্গে চিঠিটি পাচার করলাম মেয়ের কাছে। এই যে ‘লাভ স্টোরি’ নামের বইটি দিলাম, এটিও ছিল প্রেম প্রকাশের একধরনের ইঙ্গিত।এবার ওপাশ থেকে জবাবের পালা। ওদিকে আমার মনে ভয়, উৎকণ্ঠা—আমাদের বন্ধুত্বের স্বাভাবিক সম্পর্ক বুঝি নষ্ট হয়ে যায় এবার। জবাব আসে না, বই দিয়েছিলাম। বিনিময়ে সেও আমাকে সেবা প্রকাশনীর একটি বই দিল। তবে আমার মতো বইয়ের মধ্যে সে কোনো চিঠি দেয়নি। এদিকে আতিপাতি করে চিঠি খুঁজছি আমি। চিঠি খুঁজতে খুঁজতে আমার যখন হতাশ হওয়ার জোগাড়, তখন বইটির শেষ পৃষ্ঠায় পেলাম মেয়েটির গোটা গোটা হাতের লেখা, ‘আমি বুঝতে পারি তোমার চাওয়া,’ এ রকম ধরনের বাক্য।এরপর আমাদের প্রেম হলো আমার কাছে পৃথিবীটা হয়ে উঠল রংধনুর মতো। কিন্তু যখন আমরা মাধ্যমিক পেরিয়ে কলেজে উঠলাম, তার কিছুদিন পরই বিয়ে হয়ে গেল মেয়েটির। সে মুহূর্তে আমার জন্য এটি ছিল ভয়াবহ বেদনার স্মৃতি। যদিও সেদিনের সেই বেদনা এখন আর নেই। তবে বেদনা তো বেদনাই। ‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।’ অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ