আগ্রহ বাড়ছে শিল্পকর্ম সংগ্রহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রকর্ম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। চারুকলা অনুষদে চিত্রকর্মের পসরা সাজিয়েছেন শিক্ষার্থীরা l ছবি: সাহাদাত পারভেজ
চিত্রকর্ম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। চারুকলা অনুষদে চিত্রকর্মের পসরা সাজিয়েছেন শিক্ষার্থীরা l ছবি: সাহাদাত পারভেজ

শিল্পকর্ম মানেই উচ্চমূল্য। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। শিল্পকলার অনুরাগী হলেও সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়—শিল্পকর্ম সম্পর্কে এমন চলিত ধারণায় ইদানীং পরিবর্তন আসছে।
রাজধানীর শিল্পকর্ম প্রদর্শনীর গ্যালারিগুলোতে অনেকেই আসছেন, দেখছেন। সাধ্যে কুলোলে চিত্রকর্ম সংগ্রহও করছেন। এমনকি জন্মদিন, বিয়ে, কোনো বার্ষিকীসহ বিভিন্ন²উৎসবে-আয়োজনে অনেকেই গতানুতিক উপহারের বদলে এখন নানা মাধ্যমের শিল্পকর্ম উপহার দিচ্ছেন। শিল্পকর্ম এখন আগ্রহ ও রুচির ব্যাপার।
১১ বছর ধরে ‘গ্যালারি কায়া’ নবীন ও প্রবীণ শিল্পীদের ৭৫টি একক ও দলীয় প্রদর্শনীর আয়োজন করেছে। গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, ছবি সংগ্রহের সঙ্গে অর্থের সম্পর্ক জড়িয়ে থাকে। শিল্পকর্ম বিত্তবানেরা কিনতেন, এটাই ছিল স্বাভাবিক। এখন পরিস্থিতি বদলেছে। সব ছবির দাম নাগালের বাইরে নয়। শিল্পী, মাধ্যম, আকার-প্রকারভেদে যেমন চড়া দামের শিল্পকর্ম আছে, তেমনই অনেক শিল্পকর্ম আছে সাধারণ লোকের ক্রয়ক্ষমতার মধ্যেও। হাজার দুই-তিনেকের মধ্যেও এখন চমৎকার জলরঙের কাজ বা এর চেয়েও ঢের কম দামে ছাপচিত্র কিনতে পাওয়া যায়। ফলে মধ্যবিত্তরাও তাদের সাধ্যের মধ্যে এখন বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম সংগ্রহ করতে পারছেন।
গৌতম বলেন, গ্যালারি থেকে ছবি কেনার সুবিধা হচ্ছে পুনরায় শিল্পকর্মটি বিক্রি করতে চাইলে গ্যালারি দায়িত্ব নেয়। গ্যালারিতে আসা মানেই ছবি কেনা নয়। আমাদের দেশে সে রকম কোনো শিল্প জাদুঘর (আর্ট মিউজিয়াম) নেই। তাই প্রদর্শনীতে গেলে ছবি দেখা হয়। প্রদর্শনীতে একদিকে যেমন আনন্দ উপভোগ করা যায়, রুচিবোধ গঠনেও তা সহায়তা করে। মানুষ আসে, দেখে, সংগ্রহ করতে পারে। আসার এবং দেখার অভ্যাস থাকলে একসময় সংগ্রহের মানসিকতা গড়ে ওঠে।
চলতি মাসেই শিল্পী আজমীর হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’ হয় ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। শিল্পী জানালেন, ‘প্রদর্শনীতে আসা সব শ্রেণির দর্শনার্থীর কাছ ইতিবাচক সাড়া পেয়েছেন। প্রদর্শনীর ছবিগুলোর দাম ছিল ৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে। প্রদর্শনীর ৬৯টি ছবির মধ্যে ৪৮টি বিক্রি হয়ে যায়।’
বিভিন্ন মাধমের মূল শিল্পকর্মের মধ্যে ছাপচিত্রের দাম তুলনামূলক কম। জীবনধারণের খরচ সামাল দিয়ে সাধারণ শিল্পানুরাগীদের পক্ষে মূল ছাপচিত্র কেনা সম্ভব। এই শ্রেণির সংগ্রাহকদের উৎসাহিত করতে ‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে ২০১২ সাল থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’।
মেলার আয়োজক কমিটির সদস্যসচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক রশীদ আমিন প্রথম আলোকে বলেন, উচ্চমূল্যের কারণে অনেক ক্ষেত্রেই শিল্পকলার অনুরাগী সাধারণ মানুষের পক্ষে শিল্পকর্ম সংগ্রহ করা সম্ভব হয় না। ছাপচিত্রের ক্ষেত্রে এ সুযোগটি রয়েছে। শিল্পকর্মকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাঁরা মেলার আয়োজন করছেন। এবার চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে কিবরিয়া ছাপচিত্র মেলা। মেলা ছাড়াও ছাপচিত্র কর্মশালা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্রের শিক্ষার্থীদের কাছ থেকেও ছাপচিত্র কেনা যায়।
কোথায় কোন গ্যালারি
সাজু আর্ট গ্যালারি
এফ/২৮, ৪০-৪১ ডিসিসি মার্কেট, গুলশান-২।
গ্যালারি শিল্পাঙ্গন
বাড়ি-৭, সড়ক-১৩, ধানমন্ডি।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
বাড়ি-২৭৫/এফ, সড়ক-২৭, ধানমন্ডি।
বেঙ্গল আর্ট লাউঞ্জ
বাড়ি-৬০, গুলশান অ্যাভিনিউ, সার্কেল-১।
গ্যালারি চিত্রক
বাড়ি-২১, সড়ক-৪, ধানমন্ডি।
ঢাকা আর্ট সেন্টার
বাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি।
গ্যালারি কায়া
বাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরা।
দৃক গ্যালারি
বাড়ি-৫৮, সড়ক-১৫/এ, ধানমন্ডি।
গ্যালারি কসমস
বাড়ি-৬৯/১, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মলিবাগ মোড়।
গ্যালারি এথেনা
বাড়ি-এজে হাইটস, চ-৭২/১/ডি, প্রগতি সরণি, উত্তর বাড্ডা।