আঘাতে জীবনে নতুন দর্শন পেয়েছেন শাহরুখ

আহত হয়ে ব্যান্ডেজ বাধার পর জীবনে সম্পর্কে নতুন এক দর্শনে আস্থা রেখেছেন বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান। টুইটারে ভক্তদের সঙ্গে নতুন সে জীবনদর্শন বিনিময়ও করেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
শুটিং করতে গিয়ে গত ২৩ জানুয়ারি আহত হন শাহরুখ খান। তাঁকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেওয়ার পর তাঁর অস্থি-সন্ধিতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন চিকিত্সকেরা। ব্যান্ডেজ নিয়ে এক সপ্তাহ পার করার পর নতুন এক বোধ জন্মেছে এ তারকার মধ্যে। শাহরুখ তাঁর বর্তমান অবস্থাকে তুলনা করছেন নতুন জীবনদর্শনের সঙ্গে। আর তাঁর এই জীবনদর্শন হচ্ছে ‘জীবনকে নিয়ে খুব বেশি চাপাচাপিও নয় আবার খুব বেশি ঢিলেঢালা চলাও নয়।’ অর্থাত্ জীবনের একটি ভারসাম্য থাকতে হবে। কখনও কোনো বিষয়ে খুব বেশি জোর দেওয়া যাবে না আবার তা একেবারে ছেড়েও দেওয়া চলবে না।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খান জানিয়েছেন, ‘গত কয়েকদিন অস্থি-সন্ধিতে ব্যান্ডেজ বেঁধে জীবনের সত্যিকার অর্থ বুঝতে পারছি। খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম নয় বরং যুত্সই বা আরামদায়ক হতে হবে।’
জীবনের কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এই দর্শন খাটে না বলেও মনে করেন শাহরুখ। তাঁর মতে, সম্পর্কের বাঁধন যতো শক্ত করে বাঁধা থাকবে সম্পর্ক ততো মজবুত হবে। সম্প্রতি ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে আদর করে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেছেন শাহরুখ খান। শাহরুখ জানিয়েছেন, সন্তানকে আদর করার সময় তাঁর জীবনদর্শন ঠিক রাখতে পারেন না। এক্ষেত্রে জীবনদর্শন হচ্ছে বাঁধন যতো মজবুত করা যায় ততই ভালো।
সম্প্রতি চেন্নাই এক্সপ্রেস ছবিটির সাফল্যের পর এবারের দীপাবলির জন্য শুটিং করছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ এ ছবিটির একটি গানে শুটিং করার সময় গত বৃহস্পতিবার আহত হন তিনি। শুটিংয়ের সেটে একটি দরজার সঙ্গে আঘাত লাগে তাঁর। পুরো সুস্থ হয়ে আজ থেকেই আবার কাজে ফিরছেন তিনি।