আঙুল ছুঁতে এসেছেন শফিক তুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিক তুহিন। ছবি: আনন্দ
শফিক তুহিন। ছবি: আনন্দ

‘আঙুল শব্দটা আমি ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করেছি। কারণ অ্যালবামের সব কটি গানই প্রেমের, ভালোবাসার।’ আলাপের শুরুতেই বললেন শফিক তুহিন। এবার বৈশাখে এসেছে তাঁর চতুর্থ অ্যালবাম। নাম আঙুলে আঙুল।
অ্যালবামজুড়ে প্রেমের আবহ আনতেই এমন ‘মিষ্টি-মধুর’ নামকরণ। শফিক তুহিন অবশ্য এমনই। তাঁর প্রথম অ্যালবাম স্বপ্ন এবং তুমি বেরিয়েছিল বছর চারেক আগে। অ্যালবামের ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি দিয়ে গায়ক শফিক তুহিন পৌঁছে যান শ্রোতাদের কাছে। অবশ্য তার আরও অনেক আগে থেকেই গান নিয়ে মেতে আছেন এই শিল্পী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে। শখের বসেই গান লেখা, সুর করা এমনকি গাওয়া। শখটা এখন পেশা। পুরোদস্তুর গানের মানুষ শফিক তুহিন। এর পেছনে কাজ করছে প্রেম। শফিক তুহিন বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গানের প্রেমে পড়েছি। তারপর থেকে আর ছাড়তে পারিনি। ইচ্ছা আছে আমৃত্যু একসঙ্গেই থাকব।’
সেই প্রেমের প্রমাণ পাওয়া যায় তাঁর শান্তিনগরের বাসায় যাওয়ার পর। বসার ঘরে এক পাশে শোকেসে সাজিয়ে রাখা হয়েছে অনেক পুরস্কার। সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেমন আছে, তেমনি আছে বিভিন্ন সংগঠন থেকে পাওয়া পুরস্কার আর সম্মাননা। সবই গানের জন্য পাওয়া।
ঘুরেফিরে আসে তাঁর নতুন অ্যালবামের কথা। স্বপ্ন এবং তুমি থেকে আঙুলে আঙুল-এর মাঝে বেরিয়েছে আরও দুটি অ্যালবাম। শফিক তুহিন ডটকম ও পবিত্র প্রেম।
শফিক তুহিন বললেন, ‘অ্যালবাম কম বের হচ্ছে মানে যে মানুষ গান কম শুনছে, তা কিন্তু নয়। সবাই আগের চেয়ে অনেক বেশি গান শোনে। তবে গান শোনার মাধ্যম পরিবর্তন হয়েছে। এখন গান শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ নেই, সবাই গানের মিউজিক ভিডিও আশা করে। তাই অনেক জনপ্রিয় শিল্পী চাইলেও অ্যালবাম প্রকাশ করতে পারেন না। আমার কথাই ধরুন। আমার নতুন অ্যালবাম এসেছে দুই বছর পর। নানা মাধ্যমে অ্যালবামটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যালবাম প্রকাশের আগে একটি গানের মিউজিক ভিডিও ছেড়েছি। বেশ সাড়া পড়েছে কিন্তু!’
শফিক তুহিন জানালেন, শ্রোতারা তাঁর কাছ থেকে অন্য কিছু আশা করেন। অন্য রকম লেখা। এরই মধ্যে তাঁর লেখা অসংখ্য গান গেয়েছেন শিল্পীরা। গান লেখার পাশাপাশি সুরও করেছেন। এখন নিয়মিত বাংলা ছবির গানের সংগীত পরিচালনা করছেন। তাঁর সংগীত পরিচালনায় এরই মধ্যে মুক্তি পেয়েছে নয়টি ছবি। হাতে আছে কয়েকটি ছবি। সবকিছু মিলিয়ে দিনকে দিন গান নিয়েই ব্যস্ততা বাড়ছে তাঁর।
এত সব কথার ফাঁকে জানিয়ে রাখলেন, গানের কথা ভালো না হলে শ্রোতারা সেই গান গ্রহণ করেন না। সঙ্গে থাকতে হয় শ্রুতিমধুর সুর।
কথা শেষে একটা আক্ষেপ জানিয়ে রাখলেন। ‘একসময় আমাদের দেশে কবিরা গান লিখতেন। ওই গানগুলো যতটা শ্রুতিমধুর হতো, এখন কিন্তু হয় না। মানুষ মনে রাখতে পারে না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কবিরা যদি গান লেখা শুরু করেন, আবার পরিবর্তন হবে গানের জগৎ। কারণ গান লেখা সবার কাজ নয়।’