আচার, রীতি ও জীবনযাপনের উপস্থাপনা

একবার রাজু ভাস্কর্যের কাছে একটা জটলা দেখা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরটায় যেকোনো সময়, যেকোনো কারণে জটলা হতেই পারে। কিন্তু এই জটলার ‘কাহিনি’ ভিন্ন। সেখানে টেবিল-চেয়ার পেতে বসেছিলেন দুই যুবক। একজন সস লাগিয়ে কাঁচা মাংস খাচ্ছিলেন, অন্যজন ছাড়াচ্ছিলেন গোল আলুর খোসা। পথচারীর চোখ কপালে, হচ্ছে কী এসব! ছাত্ররা বললেন, ‘কিছু মানুষ মানুষের মাংস চিবিয়ে খাচ্ছে, বাকিরা আলু ছেলায় ব্যস্ত—এরই রূপক।’ শাহবাগ থানা থেকে চলে এল পুলিশ। তাদের প্রশ্ন, হচ্ছে কী? একজন জানালেন, পারফরমিং আর্ট!

এটি গত বছরের কোনো এক সময়ের কথা। সম্প্রতি ঢাকায় হয়ে গেল তিন দিনের আন্তর্জাতিক ‘ঢাকা লাইভ আর্ট বিয়েনাল-২০১৭’। ১ থেকে ৩ ফেব্রুয়ারি বাংলাদেশসহ মোট ১৬টি দেশের শিল্পী এতে অংশ নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় নিজেদের শিল্প উপস্থাপন করেছেন তাঁরা। যে অসংগতি ও হাহাকারগুলো আঁকা যায় না, সেসব দেখিয়েছেন পরিবেশনার মাধ্যমে। ঢাকায় এমন আয়োজন এবারই প্রথম। সেসবের দু-একটি পরিবেশনার গল্প এবার তবে জেনে নেওয়া যাক।
স্লোভাকিয়ার রক্কো জুহাস কয়েকজন রিকশাচালককে ডেকে নিয়ে গেলেন বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। যাত্রীর সিটে তাঁদের বসিয়ে অনেকটা সময় রিকশা চালালেন তিনি। একটা দিনের খানিকটা সময় এ রিকশাচালকেরা উদ্যাপন করলেন ইউরোপের শিল্পী জুহাসের যাত্রী হয়ে। রক্ত পানি করা রিকশাচালকদের জন্য না হোক, এ উপস্থাপনায় অন্যদের জন্য কিছু বার্তা ছিল।
রাহুল আনন্দকে পাওয়া গেল ফজলুল হক হলের পুকুরঘাটে। সাদা ঠোঙায় মাথা ঢাকা, তাতে আবার কালি দিয়ে আঁকা একটি চোখ। আরেক ঠোঙা ভর্তি গোলাপের পাপড়ি পুকুরের পানিতে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। কেন? বাজারে ভালোবাসার উপকরণ বিকোচ্ছে অনেক দামে। অথচ অকৃত্রিম ভালোবাসার দেখা মিলছে কি?
পয়লা বৈশাখের উৎসবে তরুণীর শ্লীলতাহানির ঘটনাটি নিয়ে দ্বৈত উপস্থাপনা ছিল ফারজানা হোসেন ও সাদিয়া মারিয়ামের। ‘শ্লীলতাহানির জন্য মেয়েদের পোশাক দায়ী’—সামাজিক গণমাধ্যমের এ রকম কিছু মন্তব্যের স্ক্রিনশট ব্যবহার করা হয় সেই পরিবেশনায়। প্রচুর কাপড়ে নিজেকে আড়াল করে শিল্পীরা বোঝাতে চেষ্টা করলেন, পোশাকের আনুষ্ঠানিকতাই শেষ কথা নয়। রক্তে কেনা বাংলা ভাষা নিয়ে পরিবেশনা ছিল তানজিনা হোসেনের।
গত পাঁচ বছর দেশে পারফরমিং আর্টের চর্চা বিস্তৃতি পেয়েছে। এ ধারাটি নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের অন্যতম একটি দল ‘ব্যাক আর্ট’। আন্তর্জাতিক এ বিয়েনালের আয়োজক তারাই। দলটির মুখপাত্র জুয়েল এ রবের কথায়, ‘এই শিল্পমাধ্যমে কেনাবেচার কোনো ব্যাপার নেই। পকেটের টাকা খরচ করে শিল্প উপস্থাপন করেন শিল্পীরা।’ এই ধারায় কাজ করা তরুণদের নিয়ে গর্বিত শিল্পী কালিদাস কর্মকার। তাঁদের নিয়ে উচ্ছ্বসিত তিনি। ১৯৮৫ সালে ২১ ফেব্রুয়ারি তিনিই তো শুরু করেছিলেন এই ধারার চর্চা। ২১ জন শিল্পীকে কালো পোশাক-মুখোশে মুড়ে শ্রদ্ধা জানাতে নিয়ে গিয়েছিলেন শহীদ মিনারে। মুখোশে আঁকা ছিল বাংলা হরফ। এ ধারা সম্বন্ধে কালিদাসের বক্তব্য, ‘পশ্চিমাদের এ শিল্পের জনক মনে করা হয়। কিন্তু এটা আমাদের শিল্প। আমাদের প্রতিদিনের আচার, রীতি ও জীবনযাপনের মধ্যেই পারফরম্যান্স রয়েছে।’