আজ মহান মে দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ফকির আলমগীর। সেসব অনুষ্ঠান নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। আজ তো অনেক অনুষ্ঠান হবে। আপনার ব্যস্ততার কথা বলুন।সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম মন্ত্রণালয় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে গান করব। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আরণ্যকের আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পদাতিক নাট্য সংসদের অনুষ্ঠান, ফ্যান্টাসি কিংডমের কনসার্ট, কোনাবাড়ীতে শ্রমিক সমাবেশ ও রাজু ভাস্কর্যের সামনে স্রোত আয়োজিত অনুষ্ঠানে গান করব।টিভি চ্যানেলে?বিটিভিতে তিনটি অনুষ্ঠানে গান করেছি। এটিএন বাংলায়ও আমার গান থাকছে। এ ছাড়া চ্যানেল আইতে আজকের তারকাকথন অনুষ্ঠানের অতিথি আমি। এই সব কটি অনুষ্ঠানই আগে ধারণ করা হয়েছে। তবে রাত সাড়ে নয়টায় বৈশাখী টিভিতে আমার একক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।আপনার এই ব্যস্ততা রাত কয়টা পর্যন্ত থাকবে?রাত ১১টা পর্যন্ত। এরপর মধ্যরাতে যাচ্ছি কানাডায়। কানাডার টরন্টো ও মন্ট্রিয়েলে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। ওখানে আয়োজকেরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। কানাডা থেকে দেশে ফিরব ১৫ মে।নতুন অ্যালবামের কাজ কবে শুরু করবেন?কানাডা থেকে ফিরেই শুরু করব। আমার এবারের অ্যালবামের নাম শপথের গান। মূলধারার গণসংগীত থাকবে এতে। প্রস্তুতি শেষ। গানগুলোও চূড়ান্ত হয়েছে। প্রতিবছর জুলাই মাসে আমি একটি একক কনসার্টের আয়োজন করি। এবারও হবে। লেজার ভিশন এর আয়োজন করেছে। অ্যালবামটিও তারাই বের করবে। এ কনসার্টে আমার নতুন অ্যালবামের মোড়ক খোলার ইচ্ছা আছে।আপনি তো অনেক দিন ধরে গণসংগীত করছেন। নতুন প্রজন্ম এই গান এখন কীভাবে নিচ্ছে?গণসংগীত কিন্তু সব সময়ের। প্রজন্ম থেকে প্রজন্মে এই গান বেঁচে থাকে। কিন্তু একটা ব্যাপার দেখে খুব অবাক হয়েছি। গণজাগরণের গানের প্রতি ইদানীং নতুন প্রজন্মের ছেলেমেয়েদের দারুণ আগ্রহ। পর পর কয়েকটি বড় অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ দেখে আমি এটা বলছি। আমি এখন বিশ্বাস করি, গণসংগীতের যে ধারাবাহিকতা ছিল, তা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনে এই গানের ভূমিকা থাকবে।