আজ আজম খানের অস্ত্রোপচার
আজ আজম খানের মুখগহ্বরের ঝিল্লির ক্যানসারের অস্ত্রোপচার করা হবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় নাক, কান ও গলার শল্যচিকিৎসক অ্যান্ড্রু লয় হেং চেইনের নেতৃত্বে এই অস্ত্রোপচার হবে। হাসপাতালে আজম খানের সঙ্গে আছেন এরশাদুল হক। সিঙ্গাপুর থেকে তিনি জানিয়েছেন, এই অস্ত্রোপচারের জন্য আট-নয় ঘণ্টা লাগবে। এরপর তাঁকে দুই দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হবে। তারপর কেবিনে দেওয়া হবে। দুই সপ্তাহের মধ্যে আজম খান সুস্থ হয়ে দেশে ফেরার ব্যাপারে আশা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। এদিকে মুঠোফোনের মাধ্যমে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আজম খান।আজম খানের জরুরি অস্ত্রোপচারের জন্য গতকালই ৫০ হাজার ডলার (সিঙ্গাপুর) জমা দিতে হয়েছে। আজম খানের চিকিৎসায় সহযোগিতার জন্য গতকাল মঙ্গলবার স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ১০ হাজার মার্কিন ডলার দিয়েছেন। এগিয়ে এসেছেন শিল্পীরাও। শিল্পী সাবিনা ইয়াসমীন এক লাখ টাকা, উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এক লাখ টাকা, কুমার বিশ্বজিৎ ৫০ হাজার টাকা, আইয়ুব বাচ্চু ৫০ হাজার টাকা, ফেরদৌস ওয়াহিদ ৩০ হাজার টাকা, এন্ড্রু কিশোর ২৫ হাজার টাকা ও হাবিব ৫০ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া ডেসটিনি গ্রুপের পরিচালক (অর্থ) সাইদুর রহমান চার লাখ টাকা, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এক লাখ টাকা, আরটিভির পক্ষ থেকে মোর্শেদ আলম এক লাখ টাকা এবং ক্যাটস আই থেকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।গত ২৬ জুন আজম খানের মুখগহ্বরের ঝিল্লির ক্যানসার ধরা পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।