আজ আবার জমবে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ তা তা থৈ থৈ...
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ তা তা থৈ থৈ...

‘নীপা ম্যাডাম চান্স দিল না!’

‘এই...! কিছুক্ষণের জন্য রিহার্সেল বন্ধ। ম্যাডাম এখন কেক কাটবেন!’
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নৃত্যশালায় এখন কেক কাটা হবে। কেন? সকাল থেকেই তো এখানে নৃত্যাঞ্চলের মহড়া চলছে। কদিন পর মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান। তাই মহড়া চলছে জোরসে। হঠাৎ এ রকম একটি সংলাপ, হঠাৎ করেই মহড়া বন্ধ!
এবার প্যাকেট থেকে বের হলো একটি মাঝারি আকারের কেক। বর্ণিল মোমবাতি দিয়ে সাজানো হলো সেটা। বুঝতে অসুবিধা হচ্ছে না, এটা জন্মদিনের কেক। প্রশ্ন হলো, আজ আবার কার জন্মদিন? সবার মাঝখান থেকে অরনিমা দত্তকে ডেকে নিলেন শামীম আরা নীপা। দলের একজন কনিষ্ঠ সদস্য অরনিমা। তার হাতে ছুরিটা দিয়ে বললেন—‘কেক কাটো।’
অরনিমা তো অবাক! ম্যাডাম জানলেন কী করে আজ তাঁর জন্মদিন। তাই নীপাকে একবার সালাম করে নিল অরনিমা। কেক কাটার পর্ব শেষ। এক ফাঁকে কথা হলো শামীম আরা নীপার সঙ্গে। ‘আমরা প্রকৃতিনির্ভর একটি মৌলিক পরিবেশনা নিয়ে কাজ করছি। নাচটি পরিচালনা করেছেন কাজল ইব্রাহিম। আর কোরিওগ্রাফি করেছি আমি।’ বললেন শামীম আরা নীপা।
আবার মহড়া শুরু। প্রায় ২০ জন শিল্পীর অংশগ্রহণে এই কোরিওগ্রাফি। শামীম আরা নীপা অংশ নিচ্ছেন নাচে। কিন্তু পাশে বিরসবদনে বসে আছেন শিবলী মহম্মদ। ‘কী ব্যাপার, আপনি বসে অছেন যে!’
হাসতে হাসতে শিবলী বললেন, ‘কী করব ভাই? নীপা ম্যাডাম তো আমারে চান্স দিল না।’
নীপা বললেন, ‘তুমি বসে বসে কারেকশন দেখ।’
ক্যাসেট প্লেয়ারে রবীন্দ্রসংগীত বাজালেন শিবলী। শুরু হলো নাচ। তাঁদের অপরূপ নৃত্য ভঙ্গিমায় মূর্ত হয়ে উঠেছে প্রকৃতির প্রতি এক দৃষ্টিনন্দন বন্দনা ।

কী নির্দেশনা দিচ্ছেন সাচ্চু?

আসলে এই ছয় তারকা কী করবেন?
আসলে এই ছয় তারকা কী করবেন?

প্রথম আলো ভবনের মহড়াকক্ষে নিবিড় অনুশীলনে ব্যস্ত পাঁচজন—শহিদুল আলম সাচ্চু, মাজনুন মিজান, শিরিন বকুল, মুকিত জাকারিয়া, তুষ্টি ও স্বাগতা। পাণ্ডুলিপি হাতে কথা বলছেন শহিদুল আলম সাচ্চু। তাঁর দিকে তখন গভীর মনোযোগ অন্য চারজনের। কী নির্দেশনা দিচ্ছেন সাচ্চু?
সাচ্চু: খুব সাবধান! আমরা কিন্তু আবার দুষ্টু কবির বকুলের ফাঁদে পা দিয়েছি। একটু ভুল হলেই কিন্তু প্রেসটিজ পাংচার। সুতরাং গানের সঙ্গে ঠিকঠাক নাচতে হবে। নাচের মুদ্রা, এক্সপ্রেশন, রিঅ্যাকশন—সব ঠিকঠাক না হলে কিন্তু খবর আছে। আচ্ছা বলো তো এখন কী করা যায়?’ থুতনিতে তর্জনী রেখে ভাবছেন সাচ্চু। অন্য সবাইও বেশ চিন্তিত। আসলে কী করা যায়?
শিরিন বকুল: সাচ্চু ভাই, আমি ভাবতেছি মাজনুনরে নিয়া।
সাচ্চু: ক্যান, মাজনুনের আবার কী হইছে?
শিরিন বকুল: ওর পেটের সাইজ দেখছেন? এই পেট নিয়া সে নাচবে ক্যামনে?
শিরিন বকুলের কথায় মাজনুন মিজান আর চুপ থাকতে পারলেন না। ঝটপট উঠে সাচ্চুকে দেখিয়ে দিলেন নাচের একটি মুদ্রা, ‘ভাই দ্যাখেন! হাজার চেষ্টা কইরাও কি শিরিন এই মুদ্রা দেখাইতে পারবে?’
মাজনুনের কথা আর নাচের মুদ্রা দেখেই সবাই হেসে খুন। বোঝা যাচ্ছিল, আসলে তাঁরা মজা করছিলেন। মজা

এবার শেষ। শহিদুল আলম সাচ্চু এখন সিরিয়াস। শুরু হবে মহড়া...।

‘মামি, কেমন আছো?’

তানজিলের নেতৃত্বে ইগলস ড্যান্স কোম্পানি এ বছরও সঙ্গে আছে
তানজিলের নেতৃত্বে ইগলস ড্যান্স কোম্পানি এ বছরও সঙ্গে আছে

প্রথম আলো কার্যালয়ে চলছে মেরিল-প্রথম আলো পুরস্কারের একটি অংশের মহড়া। একগাদা ফাঁকা চেয়ারের মাঝে একা বসে অন্যদের মহড়া দেখছেন অভিনেতা মিজান। এরই মধ্যে মহড়া কক্ষে প্রবেশ করলেন গীতিকার কবির বকুল। মিজানকে একা দেখেই ডাকলেন, কি ‘মামি,’ কেমন আছো?
মিজানও হেসে জবাব দিলেন, ভালো ভাই।
আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা তো অবাক! সবার চোখে জিজ্ঞাসা: একটা ছেলে কীভাবে মামি হলো!
মিজান খোলাসা করলেন ব্যাপারটা: ‘আমার পুরো নাম মাজনুন মিজান তো। তাই সবাই সংক্ষেপে ডাকে মামি।’

রেকর্ডিংয়ে সেদিন

গান বাদ দিয়ে আড্ডা কেন?
গান বাদ দিয়ে আড্ডা কেন?

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩-এর মহড়া নিয়ে প্রথম আলোর কার্যালয়ে তুমুল উত্তেজনা চলছে। এর মধ্যে খবর এল আদাবর এমএইচডি অডিও স্টুডিওতে গানের রেকর্ডিং শেষের পথে। ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে না পারলে কণ্ঠশিল্পীদের পাওয়া যাবে না। শুনেই দে ছুট! ওখানে পুরোনো দিনের ছায়াছবির বেশ কয়েকটি জনপ্রিয় গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে ধারণ চলছে। 
৬ নম্বর রোডের বাড়িটির কাছাকাছি পৌঁছাতেই নারী শিল্পীর কণ্ঠ কানে এল। দোতলায় স্টুডিওর দরজায় ঢুঁ দিতেই দেখি নির্ঝর দরাজ কণ্ঠে জনপ্রিয় গানের একটা অন্তরা গাইছেন। সংগীত পরিচালক মেহেদী ট্রাকে গানটি সাজাতে ব্যস্ত। পাশেই দেখি আরও দুজন শিল্পী সাব্বির ও কিশোর। সঙ্গে গীতিকার কবির বকুল ও নৃত্য পরিচালক সোহাগ। 
নির্ঝরের গাওয়া শেষ হয়েছে। এবার কিশোরের পালা। এর মধ্যে মেহেদী ইউটিউবে গানের মূল সুরটা দেখিয়ে দিলেন তাঁকে। কিছুক্ষণ গুনগুন করে গানটি আত্মস্থ করছেন কিশোর। ‘আরে চলেন যাই। সমস্যা হবে না। গানটি সবার প্রিয় ।’ বললেন কিশোর। বলেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গেলেন। শুরুও করলেন, কিন্তু প্রথমবার সুরে ছন্দপতন। দ্বিতীয়বারও তাই। কবির বকুলকে উদ্দেশ্য করে কিশোর বললেন, ‘ও বকুল ভাই, আমি একটু আমার মতো করে কি গানটি গাইব?’
কিন্তু তাতে কবির বকুলের না। বললেন, ‘ওল্ড ইজ গোল্ড। সব সময় কথাটি মনে রাখবা।’ 

শুনেই কিশোর বিনয়ীভাবে আগের মতো করেই শুরু করলেন। শেষমেশ সফলও হলেন।
এবার মাইক্রোফোন মুখে তিনজনের ছবি তোলা নিয়ে ঘটল বিপত্তি। কিশোর-সাব্বির উচ্চতায় সমান সমান হলেও নির্ঝরের উচ্চতা কম। সমানভাবে তিনজনকে ক্যামেরার লেন্সে পাওয়া যাচ্ছে না। ‘নির্ঝর, তুমি মাত্র চার ফুট?’ কিশোরের এমন মন্তব্যে নির্ঝর দাপটের সঙ্গে বললেন, ‘না, না...আমার উচ্চতা পাঁচ ফুট।’
এই খুনসুটিতে সাব্বিরও জড়িয়ে গেলেন। বললেন, মেয়েরা

কখনো পাঁচ ফুট লম্বা হয়!
সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। এর মধ্যে কোত্থেকে মেহেদী একটা ছোট্ট টুল এনে দিলেন নির্ঝরকে। টুল পায়ের নিচে দিয়ে কিশোর-সাব্বিরের মাঝে দাঁড়িয়ে গেলেন নির্ঝর। ‘দেখো দেখো আমি কিন্তু তোমাদের সমান লম্বা হা হা হা...।’
ছবি তোলা শেষ করে আবার মূল পর্বে ফিরেছেন সবাই। কিন্তু এর পর আসছেন কে কে? পাঠক, আজ না হয় থাক। অনুষ্ঠানের দিন মূল মঞ্চেই দেখবেন।

‘গান এখনো পথে তো, তাই শরীর গরম করছি...’

সোহাগ হাজির হয়েছেন তাঁর দল নৃত্যভূমি নিয়ে
সোহাগ হাজির হয়েছেন তাঁর দল নৃত্যভূমি নিয়ে

সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে নৃত্যভূমির মহড়া। যথাসময়ে তাই তাঁরা মহড়াকক্ষে এসে হাজির। সবার গায়ে দলের লোগো লাগানো বাহারি রঙের টি-শার্ট। বেশভূষণে বেশ লাগছে সবাইকে। এদিকে তাঁদের মহড়া দেখবে বলে আশপাশে ঘোরাঘুরি করছে অনেকে। কিন্তু মহড়া যে শুরু হচ্ছে না এখনো।
‘ভাই, মহড়া শুরু হবে কখন?’ নৃত্যভূমির দলপ্রধান ইভান শাহরিয়ার (তিনি সোহাগ নামেই পরিচিত) বললেন, ‘গান তো এখনো আসেনি।’
‘কেন, গান কোথায় গেছে?’
‘গান নিয়ে বকুল ভাই এখনো পথে আছেন।’
তাই বলে কি ল্যাপটপে টুকিটাকি করে অলস সময় কাটাচ্ছেন সোহাগ?
হঠাৎ ল্যাপটপে বেজে উঠল বাংলা চলচ্চিত্রের একটি গান। আর গানে গানে নাচতে শুরু করলেন দলের সদস্যরা।
তাহলে কি মহড়া শুরু হয়ে গেল?
সোহাগ বললেন, ‘না। গান আসার আগে শরীরটা একটু গরম করে নিচ্ছি...।’

লাথি মার!
চলছে নাচের মহড়া। হাত-পা ছোড়াছুড়ি করে নানাভাবে চলছে প্রশিক্ষণ। এর মধ্যে একটা মুদ্রা ছিল, পা কিছুটা ভেঙে শূন্যে ছুড়ে মারা। কিন্তু সহশিল্পীদের মধ্যে একজনের কিছুতেই মিলছিল না। পাশ থেকে একজন বলে উঠল, ‘আরে লাথি মার, লাথি মার—তাহলেই হয়ে যাবে।’
আসলে নাচের মধ্যেও কখনো যে মারপিট দরকার হয়, এই মহড়া না দেখলে তা বোঝার উপায় ছিল না। লাথি মারাটা আসলে ছিল পা দিয়ে করা নাচের একটি মুদ্রা।

হঠাৎ দরজি!

মহড়ার মধ্যেও ফেরদৌসকে শান্তি দিচ্ছেন না রামীম
মহড়ার মধ্যেও ফেরদৌসকে শান্তি দিচ্ছেন না রামীম

রাত প্রায় সাড়ে ১১টা। প্রথম আলো অফিসে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের মহড়া চলছে তখনো। চিত্রনায়ক ফেরদৌস নাচের তালে তালে আলোকিত করে রেখেছেন চারদিক। মাঝে মাঝে মজার সব গল্পে মহড়াকক্ষের পরিবেশটাকে একাই অনেকটা উজ্জীবিত করে রাখছিলেন। অনেকক্ষণ ধরে মহড়া করার পর ঘেমেনেয়ে ক্লান্ত ফেরদৌস যখন একটু বিশ্রামের উদ্দেশে বসতে যাচ্ছিলেন, তখনই হঠাৎ তাঁর পথ আগলে দাঁড়ালেন একজন। আশপাশের মানুষের ঔৎস্যুক দৃষ্টি তখন সে মানুষটিকে ঘিরে। কাঁধে ঝোলানো ব্যাগটির চেন সাঁই করে টেনে খুলে কিছু একটা বের করলেন তিনি। ফেরদৌসকে অনেকটা জড়িয়ে ধরার ভঙ্গিতে কিছু একটা করতে যেতেই সবার চোখ পড়ল তাঁর হাতে ধরা গজ ফিতাটির দিকে। ফেরদৌসের পোশাকের মাপ নিতে এসেছেন তিনি। বিভিন্নভাবে পোশাকের মাপ নেওয়া সে লোকটি অন্য কেউ নন, তিনি ফেরদৌসেরই বন্ধু, ফ্যাশন ডিজাইনার ও নির্মাতা রামীম রাজ।
‘ভাই, একটু দেখাইয়্যা দিলেই পারমু...’
রাত প্রায় ১০টা বাজতে চলেছে। মহড়াকক্ষে তখনো বসে আছেন অনেকে। ক্যাসেট প্লেয়ারে বেজে চলেছে চমৎকার একটি থিম সং। সেই গানটির সঙ্গে নাচ করছেন ঈগল ড্যান্স গ্রুপের সদস্যরা। বলতে গেলে একেবারে টালমাটাল একটা পরিবেশনা। কিন্তু কী সেই পরিবেশনা?
সেটা তো এখন বলা যাবে না! তার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি দিন। প্রতিদিন তাই চলছে ঈগলের নিরন্তর মহড়া। ঈগলের একজন প্রশিক্ষক খালেদ সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। এবার সবাই প্রস্তুত চূড়ান্ত মহড়ার জন্য। ক্যাসেট প্লেয়ারে গান বাজতেই শুরু হলো নাচ। হঠাৎ ঈগলের খালেদ চিৎকার করে উঠলেন। সবাই একরকম ভয়ে থমকে গেলেন। খালেদ কটমট করে তাকিয়ে আছেন একজন সদস্যের দিকে। নাম তাঁর সঞ্জয়। হঠাৎ কী এমন ঘটল? ভীতসন্ত্রস্ত সঞ্জয়। হাত জোড় করে তাই খালেদকে বলেই ফেললেন, ‘ভুল হইয়্যা গেছে ভাই! সরি। আরেকটু দেখাইয়্যা দিলেই পারমু...।’
বোঝা গেল নাচের মুদ্রায় ভুল করেছেন সঞ্জয়।
পায়ে ধরে সালাম
নাচের পরবর্তী মুদ্রা কী হবে সেটা নিয়ে চলছে গবেষণা। শেষমেশ

সেলফিটা তো দারুণ হয়েছে!
সেলফিটা তো দারুণ হয়েছে!

ঠিক হলো, নাচতে নাচতে ছেলেটা ঠাস করে মাটিতে পড়বে। আর একটা পা ওপরে তুলে দেবে। জুটিতে থাকা মেয়েটা পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই দুম করে উঠে দাঁড়াবে ছেলেটা। এই মুদ্রা ঠিক হতেই, ভ্রু কুঁচকে তাকাল মেয়েটা। যেন এক্ষুনি শুরু হবে নারীবাদী আন্দোলন। ছেলেটা মুচকি হেসে বলল, ‘পায়ে ধরে সালাম করো, সওয়াব হবে।’
ডেয়ারিং গার্লস ও নিশো... 
মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের মহড়া চলছে প্রথম আলো অফিসে। নৃত্যশিল্পীরা মহড়া চালিয়ে যাচ্ছেন, এমন সময় পুরো ফ্লোর আলোকিত করে সেখানে উপস্থিত হলেন অভিনেত্রী মডেল সায়না আমিন, মৌসুমী হামিদ, মেহজাবিন, অভিনেতা নিশোসহ বেশ কয়েকজন। উপস্থিত সবার সঙ্গে কুশলবিনিময় করে নিলেন সবাই। জেনে নিলেন মহড়ার বিষয়বস্তু। এরপর ছোট্ট একটা ফটোসেশনে অংশগ্রহণ করতে গিয়েই সবার খুনসুটি শুরু। মেহজাবিন, মৌসুমী, সায়না আর নিশোর ছবি তোলা হচ্ছে। একেকবার একেক ঢঙে ছবি তুললেও ফটোগ্রাফারের মনে হয় সেটা মনঃপূত হচ্ছে না। আর তাই হয়তো খেপে গেলেন তিন মডেল অভিনেত্রী। নিশোর প্রতি তাঁরা তখন মারমুখী। বেচারা নিশো অবস্থা বেগতিক দেখে করজোড়ে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করলেন। সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল ক্যামেরার ফ্ল্যাশ...ক্লিক ক্লিক...। আর তাতেই উপস্থিত সবার মধ্যে একটা ছোটখাটো হাসির রোল উঠল।

যাঁদের সহযোগিতায় এই আনন্দ
লিখেছেন: শফিক আল মামুন, সুজাত হোসেন, হাসান ইমাম, আবদুল ওয়াজেদ, মারুফা ইসহাক, দেবদুলাল গুহ ও আদর রহমান
ছবি তুলেছেন: কবির হোসেন, খালেদ সরকার ও সৈকত ভদ্র