আজ আবার জমবে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজু খাদেম আর পিয়া এখানে কী করছেন? নাচছেন বলেই তো মনে হয়! এটা কি মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের কোনো মহড়া? নাকি আর কিছু?
সাজু খাদেম আর পিয়া এখানে কী করছেন? নাচছেন বলেই তো মনে হয়! এটা কি মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের কোনো মহড়া? নাকি আর কিছু?

প্রথম আলো অফিসের চারতলার লিফট থেকে হঠাৎ বের হলেন মৌসুমী হামিদ। হাতে, কাঁধে ইয়া বড় বড় ব্যাগ! দেখেই ভিরমি খেলাম। ফিক করে হেসে দিলেন মৌসুমী হামিদ।
দম নিয়ে বললেন, ‘আরে ভাই, ভয়ের কিছু নেই। সাত দিনের মহড়ার জন্য প্রথম আলো অফিসে একবারেই চলে আসিনি। হা হা হা...।’
এবার হাসি থামিয়ে বললেন, ‘শুটিং শেষ করে এলাম। মহড়া শেষ করে আবার কক্সবাজারে শুটিংয়ে ছুটতে হবে। তাই এত কিছু।’ বলেই সোজা মহড়াকক্ষের পথে পা বাড়ালেন।
পরপরই তুমুল উত্তেজনা নিয়ে হইহুল্লোড় করে মহড়াকক্ষে একযোগে হাজির হলেন শায়না, নিশো ও মেহজাবিন। ওখানে আগে থেকেই কোরিওগ্রাফার তানজিল তাঁর দলবল নিয়ে উপস্থিত। নিশো, শায়না, মেহজাবিন, মৌসুমী হামিদ মহড়াকক্ষে ঠিক সময়ে হাজির হলেও ইমন লাপাত্তা। তাঁর অবস্থান জানার জন্য ফোনে একাধিকবার চেষ্টা করছে ‘আনন্দ’ বাহিনী। ততক্ষণে পুরোদমে চলছে তানজিল বাহিনীর প্রস্তুতি।

২.
এদিন মহড়াকক্ষের একপাশে হইচই বাধিয়ে দিয়েছেন শায়না, নিশো, মেহজাবিন ও মৌসুমী হামিদ। মোবাইলে ফ্রন্ট ক্যামেরায় নিশো তাঁদের দলের ছবি তুলতে গিয়েই পাকিয়ে ফেলেছেন গণ্ডগোল! ঠেলাঠেলি করে নিজের মুখ ক্যামেরায় বন্দী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই চার তারকা। তবে মুহূর্তে উত্তেজনা আরও বেড়ে গেল, কোরিওগ্রাফার তানজিল যখন সবাইকে একযোগে মহড়ার তাগিদ দিলেন। ছবি তোলার রণে ভঙ্গ দিয়ে আপসোস নিয়ে নিশো বলে উঠলেন—‘যা আর ছবিটা তোলা হলো না।’ এ কথা শুনে শায়না বড় বড় চোখে নিশোকে বলে বসলেন, ‘দোষ তো তোমার। তুমি ছবি তুলতে এত দেরি করলে কেন?’

৩.
একদিনের ঘটনা। মহড়া চলছে অন্য একটি দলের। অপু বিশ্বাস এসে উপস্থিত হলেই আরেকটি মহড়া শুরু করা যাবে। অপেক্ষা তাঁর জন্য। ‘আনন্দ’ বাহিনী ফোনে তাঁর কোনোভাবেই নাগাল পাচ্ছে না। ওদিকে গানের সঙ্গে ভালো করে নাচের মুদ্রা মিলিয়ে নিচ্ছেন তানজিলের সহযোগী খালেদ। হঠাৎ অপু বিশ্বাসের ফোন। ওপাশ থেকে দুঃখ

মেহজাবিন ও ইমন: কি কথা তাহার সাথে?
মেহজাবিন ও ইমন: কি কথা তাহার সাথে?

প্রকাশ করে বললেন, ‘সরি ভাই, আমি শট-এ ছিলাম। এখনো শুটিং শেষ হয়নি। সন্ধ্যার মধ্যে শেষ করার চেষ্টা করছি। কোনোভাবে শেষ করা না গেলে আগামীকাল প্রয়োজনে দুই বেলা মহড়ায় অংশ নেব, প্লিজ! আমি নিজেই মেরিলের এ অনুষ্ঠান নিয়ে উত্তেজিত। জানেন, এর মধ্যে ফ্যাশন ডিজাইনার রামিমকে দিয়ে আমার ড্রেস কেমন হবে তা ঠিক করে ফেলেছি। হা হা হা...’

৪.

মহড়াকক্ষের এক কোণে বসে মাজনুন মিজান। চুপচাপ। কেউ একজন পাশ থেকে মিজানকে বললেন, মন খারাপ নাকি? হতাশার সুরে মিজানের উত্তর, ‘নারে ভাই, আমরা হইলাম ছোটখাটো অভিনেতা। মন খারাপ সাজে না।’ শুনেই পাশে বসা রুনা খান হেসে উঠলেন। হাসিসহ বললেন, ‘না, আপনি বড় খাটো অভিনেতা।’ রুনার এ কথায় উপস্থিত সবাই হো হো করে হেসে উঠলেন। এর মধ্যে দলের আরেক সদস্য তুষ্টির ফোন। ‘আমি এখন শিল্পকলায়। ডাকার সঙ্গে সঙ্গে চলে আসব। চিন্তা নিয়েন না, ২৫ তারিখের আগ পর্যন্ত সব শিডিউল বন্ধ করে দিয়েছি।’ 
আচমকা এসে এ দলে যোগ দিলেন শহিদুল আলম সাচ্চু। বেড়ে গেল উত্তেজনা। বাড়ির বউদের হিন্দি সিরিয়াল দেখা নিয়ে প্রসঙ্গ আসতেই সেই উত্তেজনায় যেন ঘি ঢেলে দেওয়ার অবস্থায় গিয়ে দাঁড়াল। তর্কযুদ্ধে স্বামী-বউরা দুই দলে বিভক্ত হয়ে পড়ল। ক্রমেই দুই দলের অবস্থান বাইরে চলে যাচ্ছে। এ দেখি বেগতিক অবস্থা! পরের ঘটনা? না, না আর বেশি কিছু বলা যাবে না। ২৫ তারিখে মূল মঞ্চেই ওঠার আগ পর্যন্ত বিষয়টি ধোঁয়াশাই হয়ে থাক ।

৫.

অপু বিশ্বাস, ফেরদৌস ও রিয়াজ: অনুষ্ঠানে এই ত্রিরত্ন কী দেখাবেন আজ?
অপু বিশ্বাস, ফেরদৌস ও রিয়াজ: অনুষ্ঠানে এই ত্রিরত্ন কী দেখাবেন আজ?

রিয়াজ, ফেরদৌস—দুজনই চলচ্চিত্র অভিনেতা। কাছের বন্ধুও। দুজনে একে অপরকে ‘মামা’ সম্বোধন করে ডাকেন। এর আগে এই দুই মামা মেরিলের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থাপনা ছাড়াও কখনো মৌসুমী, কখনো রোজিনা, অঞ্জনার সঙ্গে জুটি হয়ে অভিনয় কিংবা নেচে মেরিল-প্রথম আলোর অনুষ্ঠানে প্রতিবারই ভিন্নতার রং ছড়িয়েছেন। এবার রিয়াজ-ফেরদৌস জুটি গড়েছেন কার সঙ্গে—মৌসুমী? নাকি আরেক ভিন্নতা আনতে অপু বিশ্বাস? এ উত্তরটি পাঠককে এ মুহূর্তে না-ই বা জানালাম। কিন্তু এবার কোন আকর্ষণ নিয়ে তাঁরা মঞ্চে হাজির হচ্ছেন? নাচ, নাকি অভিনয়? নাকি আবারও সেই উপস্থাপনা? চমকটা চমকই থাক।

৬.

মাছরাঙা টেলিভিশনে একটা অনুষ্ঠান শেষ করেই রাত নয়টার মধ্যে মহড়াকক্ষে হাজির হওয়ার কথা ফেরদৌসের। ওদিকে বিমান থেকে নেমেই সোজা মহড়াকক্ষে হাজির হওয়ার কথা রিয়াজের। কিন্তু কারোই কোনো খোঁজ মিলছে না। এদিকে কোরিওগ্রাফার সোহাগ অস্থির হয়ে উঠেছেন। রাত ১০টা ছুঁই ছুঁই। ঝড়ের বেগে মহড়াকক্ষে এসে হাজির হলেন ফেরদৌস। ‘কই, কেউ তো আসেনি।’ ঢুকেই ছুড়ে দিলেন কথাটি। ‘দেখো, আমার দেরি হলেও আমি কিন্তু সবার আগেই চলে এলাম।’ 
সোহাগ এবার ফেরদৌসকে বললেন, ‘তুমি তো সামাজিক, তাই ঠিক সময়ে চলে এসেছ।’ 
ফেরদৌস, ‘কিন্তু আমার মামা (রিয়াজ) কই?’ এ কথা শুনে পাশ থেকে ‘আনন্দ’ বাহিনীর একজন বলে বসলেন, ‘আপনার মামা বিমানে ঘুমিয়ে পড়েছিল তাই ঢাকাতে না নেমে ভুলে ব্যাংকক চলে গেছেন।’ সঙ্গে সঙ্গে চারপাশে হাসির রোল পড়ে গেল। 

এবার কোরিওগ্রাফার সোহাগ তাঁর সহযোগী রকিকে নিয়ে ফেরদৌসকে মহড়া করার তাগিদ দিলেন। ফেরদৌসও উত্তেজিত! ‘চলেন চলেন, কোনো দেরি করা যাবে না। আগে কাজ।’

৭.
হ্যাঁ, সত্যিই উত্তেজনা শুরু হয়ে গেছে তারকাদের প্রতিদিনের মহড়ায়। সঙ্গে আনন্দ বাহিনীর হুড়োহুড়ি-ছোটাছুটি যোগ হয়ে আরও বেড়েছে সেই উত্তেজনার মাত্রা। প্রথম আলো কার্যালয় থেকে শুরু করে মগবাজার, আদাবর স্টুডিওপাড়া, এফডিসি ও শিল্পকলায় এই মহড়ার ঢেউ লেগেছে। উত্তেজনার ডালপালাও ছড়িয়ে গেছে সারা দেশের প্রথম আলোর অগণিত শুভাকাঙ্ক্ষী আর পাঠকদের মধ্যে। তারকাবহুল মেরিল-প্রথম আলো পুরস্কারযজ্ঞ। আর এই যজ্ঞকে ঘিরে এ বছর কোন তারকা কে কী করছেন—এমন প্রশ্ন এখন হাজারো পাঠকের মধ্যে। ২৫ তারিখ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’ ঝলমলে হয়ে ওঠার আগ পর্যন্ত অপেক্ষার পালা।