আজ আবার ‘জাদুর প্রদীপ’
স্বপ্নদলের মূক নাটক জাদুর প্রদীপ প্রথম মঞ্চস্থ হয়েছিল ২০০৮ সালের ২৯ নভেম্বর। ১০টি প্রদর্শনীর পর প্রায় দেড় বছর নাটকটির আর কোনো প্রদর্শনী হয়নি। দেড় বছর পর আজ আবার নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন বললেন, ‘ওই সময় ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটের দুটি উৎসবে এবং সুইডেনের সাংস্কৃতিক প্রতিনিধিদলের জন্য নাটকটির প্রদর্শনী হয়েছিল। এরপর আমরা নতুন আরও তিনটি নাটক মঞ্চে এনেছি। এগুলো হলো হরগজ, ফেস্টুনে লেখা স্মৃতি ও ডাকঘর। তাই প্রায় দেড় বছর নাটকটির আর কোনো প্রদর্শনী করা সম্ভব হয়নি।’আরব্য রজনীর ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে এই মূক নাটকের কাহিনি পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। জাহিদ রিপন বললেন, জাদুর প্রদীপ মূকাভিনয় আঙ্গিকে একটি পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্যপ্রযোজনা। দেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মূক নাটক নির্মিত হয়েছে। কিন্তু কোনোটিরই নিয়মিত প্রদর্শনী হয়নি। সেদিক থেকে জাদুর প্রদীপ নাটকের নিয়মিত প্রদর্শনীর পরিকল্পনা আছে।