ধারাবাহিক নাটকের নাম অলসপুর। প্রচারিত হবে আজ রাতে, আরটিভিতে। নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।আশপাশে অনেক চিৎকার শোনা যাচ্ছে। কোথায় আপনি?পুবাইল রেলস্টেশনে। ভিক্ষুকদের কণ্ঠ শুনতে পাচ্ছেন। অনেক ভিক্ষুক। এখানে আজ আমি নিজেও একজন ভিক্ষুক। সম্ভ্রান্ত এবং অবস্থাসম্পন্ন পরিবারের ছেলে। কিন্তু নিজে ভিক্ষুক হয়ে ভিক্ষুকদের উন্নয়নের পরিকল্পনা করছি। তবে ভিক্ষা করতে এসে ভিক্ষুকদের অনেক কিছু জেনে যাই। নাটকের গল্প। নাম শখের তোলা আশি টাকা। বিটিভিতে ঈদের দিন রাতে প্রচারিত হবে।ঈদের তো আর মাত্র কয়েক দিন বাকি। ব্যস্ততা একটু কমেছে?না, আরও বেড়েছে। চাঁদরাত পর্যন্ত কাজ করতে হবে। মাঝে এক মাস যুক্তরাষ্ট্রে ছিলাম, ঈদের কাজগুলো জমে গিয়েছিল।এবার ঈদের জন্য যে কাজগুলো করছেন, তা আপনার কাছে কেমন মনে হচ্ছে?আমি সাধারণত যে ধরনের কাজ করি, এবার ঈদের কিছু কাজ তা থেকে একেবারেই আলাদা হয়েছে। আমি নিজেও একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। এবার প্রায় সব চ্যানেলেই আমার অভিনীত একাধিক নাটক ও টেলিছবি থাকবে। মনপুরা ছবির তিন বছর পর গিয়াসউদ্দিন সেলিমের নাটক করেছি। নাম লোভ (এনটিভি)। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের হ্যান্ডস ফ্রিতে (এটিএন বাংলা) আমি ড্রাইভার এবং জিরো জিরো সেভেন (চ্যানেল নাইন) নাটকে সিরিয়াল কিলার। সাইদুল আনাম টুটুলের সুইসাইড মানে আত্মহত্যা (এটিএন বাংলা) অন্য রকম একটি নাটক।ঈদে কোথাও বেড়াতে যাবেন?না, সময় কোথায়? ঈদের তিন-চার দিন পর থেকেই আবার নাটকের শুটিং। আজ আর কথা বলতে পারব না, শট্ দিতে হবে। প্রযোজক ফরিদুর রহমান ডাকছেন।