আজ আসছেন মুজাফ্ফর আলী ও ফারুক শেখ
আজ শুক্রবার ঢাকায় আসছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক মুজাফ্ফর আলী ও অভিনেতা ফারুক শেখ। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। কাল শনিবার সকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা। সন্ধ্যায় তাঁরা উপস্থিত থাকবেন উমরাও জান ছবির প্রদর্শনীতে। ‘ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব’ শিরোনামে আট দিনের এ উৎসব যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও ঢাকার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। সহযোগিতা করছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভারতের তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র উৎসব বিভাগ।ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, এই উৎসবে বাংলাদেশ ও ভারতের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকছে সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র নিয়ে ‘সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেক্টিভ’। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে নির্বাক ছবি রাজা হরিশচন্দ্র।