আজ আসছেন শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ প্রস্তুত। আজ সোমবার থেকে ঢাকায় আসতে শুরু করবেন শিল্পীরা। কাল মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে সুফি গানের উৎসব। রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে সন্ধ্যা থেকে ‘সুফি ফেস্ট ঢাকা ২০১৫’-এর আসর জমবে। উৎসবের আয়োজক ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম জানান, আজ ঢাকায় এসে পৌঁছাবে ডেনমার্কের সুফি দল। এরপর ব্রাজিলের শিল্পীরা ও ভারতের জাভেদ আলী এসে পৌঁছাবেন ঢাকায়।
ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। দেশের সবচেয়ে বড় সুফি উৎসব আয়োজন করতে আমরা কোনো ত্রুটি রাখছি না। আশা করছি, আয়োজনটি সফল হবে। এরই মধ্যে টিকিট বিক্রি থেকে বোঝা গেছে, দর্শক বেশ আগ্রহী এ উৎসবকে ঘিরে। টিকিট অবশিষ্ট থাকলে আগামীকাল উৎসবস্থলেও পাওয়া যাবে।’
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, স্পেনসহ বিশ্বের আটটি দেশের ১৫টি দল ও শিল্পীরা অংশ নিচ্ছেন সুফি গানের এ উৎসবে।