আজ উদ্বোধন ‘ভূমধ্যসাগর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগে দোহার ট্রাভেল্স থেকে আদম ব্যাপারীর মাধ্যমে ২৬ জন বাঙালি স্পেনের পথে যাত্রা করেছিলেন। সেই যাত্রায় প্রতারণার শিকার হয়ে ছোট্ট এক কাঠের ইঞ্জিনচালিত নৌকায় বিশাল ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়েছিল তাঁদের। দিনের পর দিন নৌকায় না খেয়ে ১৮ জনই মৃত্যুবরণ করেছিলেন। সেই করুণ কাহিনি নিয়েই এই নাটক। নামও রাখা হয়েছে ভূমধ্যসাগর। এটি মঞ্চে আনছে অবয়ব নাট্যদল। গোলাম শফিকের লেখা নাটকটির নির্দেশনায় আছেন শহিদুল হক খান শ্যানন। এটি দলের ২১তম প্রযোজনা। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এর আগে একই মিলনায়তনে ৩১ মে ও ১ জুন দুই দিন নাটকটির দুটি কারিগরি মঞ্চায়ন হয়েছে। নাটকটি প্রসঙ্গে নির্দেশক জানান, সুযোগসন্ধানী আদম ব্যবসায়ীরা অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে তাঁদের করছে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে নিঃস্ব। মূলত নাটকটি এ রকম এক বাস্তবধর্মী ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।