আজ এক মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব
চিলড্রেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) সম্প্রতি ঢাকা ও কক্সবাজারে তিনটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এসব কর্মশালায় ১২ থেকে ১৬ বছর বয়সী ৫৪ জনকে চলচ্চিত্র নির্মাণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই সুবিধাবঞ্চিত শিশু-কিশোর। কর্মশালার অংশ হিসেবে বিভিন্ন ভাবনার ওপর ৫৪টি এক মিনিট দৈর্ঘ্যের ছবি তৈরি করেছে অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা। এসব ছবি নিয়ে আজ উৎসবের আয়োজন করেছে সিটিএফবি। ঢাকার ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এই উৎসব উদ্বোধন করা হবে বিকেল পাঁচটায়। ‘এক মিনিটের চলচ্চিত্র উৎসব’ শিরোনামে এই উৎসব আয়োজনে সহযোগিতা করছে ইউনিসেফ। উৎসবে সব কটি ছবি প্রদর্শন করা হবে। পাশাপাশি ছবি তৈরির ব্যাপারে নিজেদের অভিজ্ঞতার কথা বলবে খুদে নির্মাতারা।সিটিএফবির সাধারণ সম্পাদক ফাহমিদুল ইসলাম জানান, শিশু-কিশোরদের তৈরি এই ৫৪টি এক মিনিট দৈর্ঘ্যের ছবির মধ্য থেকে রায়হান আহমেদের ক্যানভাস স্ট্রেঞ্জার চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। নেদারল্যান্ডে সম্প্রতি অনুষ্ঠিত হয় এ উৎসব।ফাহমিদুল বলেন, ‘উৎসবে এবার আমরা চারটি বিভাগে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিভাগগুলো হলো সেরা গল্প, সেরা চিত্রনাট্য, সেরা নির্মাণ ও সেরা চলচ্চিত্র।’