আজ ওয়ালটন মিউজিক স্টেশনে গাইবেন মেহরাব ও ঝিলিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী মেহরাব ও ঝিলিক। দুজনই গানের জগতে পরিচিতি পেয়েছেন সংগীতপ্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শোর মাধ্যমে। আজ একসঙ্গে গান গাওয়ার পাশাপাশি দর্শক-শ্রোতাদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত মেহরাব এবং ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত ঝিলিক। আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট ওয়ালটন মিউজিক স্টেশনে আজ হাজির হচ্ছেন তাঁরা।
আরটিভি সূত্রে জানা গেছে, শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দের গান গাইবেন মেহরাব ও ঝিলিক। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। কথা বলবেন বাংলাদেশের সংগীতের নানা বিষয় নিয়ে।
ওয়ালটন মিউজিক স্টেশন সরাসরি সম্প্রচারিত হবে আজ দিবাগত রাত ১২টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন মডেল ও উপস্থাপিকা রিন্তি।