আজ চিত্রা জহিরের ‘আমার স্বপ্ন’
নয়নতারা চলচ্চিত্র দিয়ে চিত্রা ফিল্মস থেকে বাংলা চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন কাজী জহির। এর আগে একাধিক উর্দু চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। কাজী জহিরের পর তাঁর স্ত্রী চিত্রা জহির স্বামীর স্মৃতিকে ধরে রাখার জন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন। ছেলে সাগর জহির এ প্রতিষ্ঠানের চলচ্চিত্রের কাজ দেখাশোনা করছেন। এবার চিত্রা ফিল্মস থেকে তৈরি হলো আমার স্বপ্ন ছবিটি। পরিচালনা করেছেন কাজী হায়াত্। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা, এ টি এম শামসুজ্জামান, মারুফ প্রমুখ।সাগর বললেন, ‘চিত্রা ফিল্মস থেকে একসময় আলোচিত সব ছবি তৈরি হয়েছিল। বাবার অবর্তমানে আমরা চেষ্টা করছি তাঁর এই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বছরে অন্তত একটি ছবি মুক্তি দিতে।’চিত্রা জহির বলেন, ‘অনেক কষ্ট করে কাজী জহির চিত্রা ফিল্মস গড়েছিলেন। তিনি আজ বেঁচে নেই। কিন্তু আমি মানুষের মন থেকে তাঁকে মুছে যেতে দেব না। ভবিষ্যতে বড় শিল্পীদের নিয়ে ছবি নির্মাণ করার ইচ্ছা আছে।’