আজ চৈত্রসংক্রান্তি কাল বর্ষবরণ
আজ বিদায় নিচ্ছে বাংলা ১৪১৯ সন। কাল রোববার শুরু হচ্ছে নতুন বছর ১৪২০। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে আয়োজনের শেষ নেই। বাংলা বর্ষবরণ মানেই রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজন। আড়াই ঘণ্টার এই আয়োজন শুরু হবে কাল সকাল সোয়া ছয়টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টেলিভিশন, দেশ টিভি ও বৈশাখী টিভি।আজ বছরের শেষ দিন চৈত্রসংক্রান্তির আয়োজন করেছে সুরের ধারা। একই সঙ্গে প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদ্যাপনও করবে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানটির শিরোনাম ‘ফিরে দেখা’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা ছয়টায়। কাল ভোর ছয়টায় একই স্থানে শুরু হবে চ্যানেল আইয়ের বর্ষবরণ অনুষ্ঠান। এই আয়োজনের শিরোনাম ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ ১৪২০’। এই দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ঢাকা শিশুপার্কের সামনে ঋষিজ শিল্পীগোষ্ঠীর বর্ষরবণ অনুষ্ঠান শুরু হবে কাল সকাল থেকেই। কাল সকাল সাড়ে ছয়টা থেকে ধানমন্ডি ২ নম্বর সড়কে সীমান্ত স্কয়ারের বিপরীতে লেকের ধারে গান করবে রবিরাগ। আড়াই ঘণ্টার এই আয়োজন সরাসরি দেখাবে একুশে টিভি। পাপিয়া সারোয়ারের গীতসুধা রবীন্দ্রসংগীত অনুশীলন কেন্দ্র বর্ষবরণের অনুষ্ঠান করবে ধানমন্ডি ২৭ নম্বরে লেকের ধারে। চট্টগ্রামে দুই দিনব্যাপী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম ডিসি হিলে তা আয়োজন করেছে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। খুলনায় নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করেছে তিন দিনের বর্ষবরণ অনুষ্ঠান। শুরু হচ্ছে কাল লবণছড়ায় রূপসা ব্রিজের নিচে। বগুড়ায় দিনবদলের মঞ্চ আজ থেকে আয়োজন করেছে দুই দিনের অনুষ্ঠান। সিলেটের সুবিদ বাজারের ব্লু-বার্ড স্কুলে কাল বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রুতি সিলেট। কাল ময়মনসিংহ ক্লাবে হবে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। যশোর পুলিশ লাইন মাঠে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান হবে কাল। আয়োজন করেছে চাঁদের হাট। ঢাকার বাইরের বর্ষবরণের এই অনুষ্ঠানগুলোর পৃষ্ঠপোষক বাংলালিংক।