আজ চ্যানেল আইতে ‘শেষ অনুষ্ঠান: হুমায়ূন আহমেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ স্মরণে আজ রোববার রাত ১১টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে তথ্যচিত্র ‘শেষ অনুষ্ঠান: হুমায়ূন আহমেদ’। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে চ্যানেল আইয়ের পক্ষ থেকে।হুমায়ূন আহমেদের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। এটিই ছিল তাঁর জীবনের শেষ চলচ্চিত্র নির্মাণ। চলচ্চিত্রটির বিশেষ একটি প্রদর্শনী দেখতে তিনি গত মে মাসে নিউইয়র্ক থেকে ঢাকায় এসেছিলেন। ২৯ মে আয়োজিত সে অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে ‘শেষ অনুষ্ঠান: হুমায়ূন আহমেদ’ শিরোনামে তথ্যচিত্র নির্মাণ করেছে চ্যানেল আই।‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন এবং স্মৃতিচারণা করেছিলেন হুমায়ূন আহমেদ। সেটাই ছিল তাঁর শেষ বক্তব্য ও স্মৃতিচারণা। ওই সব স্মৃতিকথা নিয়েই নির্মিত হয়েছে ‘শেষ অনুষ্ঠান: হুমায়ূন আহমেদ’।উল্লেখ্য, ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রটি নির্মিত হয় ২০১০-১১ সালে। কোনোরূপ কর্তন ছাড়াই ২০১২ সালে মুক্তির জন্য সরকারি অনুমোদন লাভ করে চলচ্চিত্রটি। চলতি বছরের অক্টোবরে ‘ঘেটুপুত্র কমলা’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্রের ঘেটুপুত্র কমলা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মামুন। অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, রহমত আলি, মাসুদ আখন্দ, কুদ্দুস বয়াতি, জুয়েল রানা, আগুন, আবদুল্লা রানা প্রমুখ।