আজ ছায়ানটের ‘দেশঘরের গান’
ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে ছায়ানট আজ বুধবার আয়োজন করছে ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজনটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। টানা চলবে ভোর পর্যন্ত। জানা গেছে, আজ এই আয়োজন উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী সুষমা দাশ।ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান বলেন, ‘২০০৭ সালের এই দিনটিকে উদ্যাপন করার জন্য আমরা লোক উৎসব আয়োজন করেছিলাম। এর পরের বছর থেকে আয়োজনটির নাম পরিবর্তন করা হয়। সেই থেকে আয়োজনটি ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান নামে হয়ে আসছে। অন্য বছর আয়োজনটি দুই দিনের হলেও এবার করা হচ্ছে এক দিন।’তিনি জানান, রাতভর এই আয়োজনে থাকবে কীর্তন, জারিগান, কবিগান, বাউলগান, গম্ভীরা, ভাওয়াইয়া, পালাগান এবং রাধারমণ, রসিক লাল ও লালনের গান। আর এখানে গান করবেন ঢাকার বাইরের সংশ্লিষ্ট শিল্পীরা। এই আয়োজনের উদ্দেশ্য প্রসঙ্গে অনিন্দ্য বলেন, ‘দেশ-গাঁয়ে ছড়িয়ে-ছিটিয়ে যেসব লোকশিল্পী আছেন, তাঁদের গান ঢাকার মানুষকে শোনানোর জন্যই এই আয়োজন হচ্ছে।’লোকগানের এই উৎসবে সহযোগী হিসেবে আছে রবি।