আজ ছোট পর্দায় ‘ঘেটুপুত্র কমলা’
আজ ছোট পর্দায় নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। বর্ণাঢ্য ঈদের অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ রাত আটটায় ছবিটি সম্প্রচার করবে চ্যানেল নাইন।ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘ঘেটুপুত্র কমলা’র নাম ভূমিকায় অভিনয় করেছে কিশোর অভিনেতা মামুন। অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার, প্রাণ রায়, শামীমা নাজনীন, কুদ্দুস বয়াতি, আগুন প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।হুমায়ূন আহমেদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির অন্যতম বিষয়বস্তু কিশোর সমকাম। ছবিটির সময়কাল ব্রিটিশ আমল। প্রায় দেড় শ বছর আগের এক গ্রামীণ পরিবেশের চিত্র ফুটে উঠেছে এতে। ব্রিটিশ শাসনাধীন (বর্তমান বাংলাদেশের) হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের পটভূমিতে ছবিটির কাহিনি চিত্রিত। সে সময় জলসুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ঘেটুগান নামে নতুন গ্রামীণ সংগীতধারা সৃষ্টি হয়েছিল। নতুন সেই সংগীতধারায় মেয়েদের পোশাক পরে কিছু সুদর্শন কিশোরের নাচ-গান করার রীতি চালু হয়। এই কিশোরদের আঞ্চলিক ভাষায় ঘেটু নামে ডাকা হতো।গ্রামাঞ্চলের অতি জনপ্রিয় নতুন এ সংগীতধারায় নারী বেশধারী কিশোরদের উপস্থিতির কারণে এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। সমাজের বিত্তবান, বিশেষ করে জমিদারেরা এসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে বেছে নিতে শুরু করেন। একটা সময়ে সামাজিকভাবে বিষয়টি স্বীকৃতিও পেয়ে যায়। হাওর অঞ্চলের জমিদার ও বিত্তবান শৌখিন মানুষরা বর্ষাকালে জলবন্দী সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্রদের নিজের কাছে রাখবেন—বিষয়টি স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকে।নবীনগর গ্রামের জহির ওরফে কমলা নামের এমনই এক ঘেটুপুত্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘেটুপুত্র কমলা’। হুমায়ূন আহমেদের গল্প ‘একজন সৌখিনদার মানুষ’ থেকে ছবিটির চিত্রনাট্য রচনা করা হয়েছে। গাজীপুরের নুহাশপল্লী এবং ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুরের হাওর এলাকার এক পুরোনো জমিদার বাড়িতে এর শুটিং হয়েছে। ছবিটির নৃত্যপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মেহের আফরোজ শাওন। এর প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা।এরই মধ্যে ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ‘ঘেটুপুত্র কমলা’। ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি ছবিটিকে মনোনয়ন দিয়েছে।