আজ জবাব দেবেন নওশীন-হিল্লোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ অক্টোবর অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোলের জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জন্মদিন উদযাপনের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হবেন হিল্লোল ও নওশীন। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের জবাব দেবেন তাঁরা। ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ শিল্পী-কলাকুশলী ও নাট্যপরিচালক-প্রযোজকদের সম্পর্কে অবজ্ঞাসূচক ও আপত্তিকর মন্তব্য করার কারণে বয়কট করা হয় নওশীন, হিল্লোল ও সারিকাকে। ১২ অক্টোবর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জরুরি বৈঠক করে এই তিন শিল্পীকে আনুষ্ঠানিকভাবে বয়কটের ঘোষণা দেয়। সারিকা বয়কট আদেশের পরপরই টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু নওশীন ও হিল্লোল দেশে ছিলেন না বলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ১৮ অক্টোবর প্রথম আলোর সঙ্গে আলাপকালে হিল্লোল বলেছিলেন, দেশে ফিরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগের জবাব দেবেন। অস্ট্রেলিয়ায় নাটকের শুটিং শেষে ২১ অক্টোবর রাতে দেশে ফিরেছেন হিল্লোল ও নওশীন। আজ বুধবার প্রথম আলো ডটকমকে হিল্লোল বলেন, ‘আমি কিন্তু অস্ট্রেলিয়ায় থাকতেই বলেছি, দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সব অভিযোগের জবাব দেব। পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সব অভিযোগের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একই অনুষ্ঠানে নিজের জন্মদিনটাও উদযাপন করব।নওশীন বলেন, ‘এটি মূলত হিল্লোলের জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের পাশাপাশি আমরা একটা পরিষ্কার ধারণা দিতে চাই আমাদের নিয়ে ওঠা অভিযোগগুলো সম্পর্কে।’