আজ জাকির হোসেনের তবলাবাদন
উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ভারতের ওস্তাদ জাকির হোসেন আজ বুধবার ঢাকায় তাঁর বাদন পরিবেশন করবেন। আজ সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তবলাবাদন শোনাবেন শ্রোতাদের। প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ফায়ার ওয়ার্কস।ওস্তাদ জাকির হোসেনের বাবা কিংবদন্তিতুল্য তবলাবাদক ওস্তাদ আল্লা রাখা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে নিউইয়র্কে পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ প্রয়াত ওস্তাদ আল্লা রাখাকে সম্মাননা জানাচ্ছে। এ উপলক্ষেই আজ অনুষ্ঠানটির আয়োজন। এতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে ওস্তাদ জাকির হোসেনের হাতে।অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের কলকাতায় কলা মন্দিরে কনসার্ট করেছেন ওস্তাদ জাকির হোসেন। কলকাতা থেকে আজ সকাল সাড়ে আটটায় ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। তাঁর সঙ্গে আসছেন প্রখ্যাত সারেঙ্গিশিল্পী ওস্তাদ সাবির খান। তিনি ওস্তাদ সুলতান খানের ছেলে। ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে অনুষ্ঠানে সারেঙ্গি বাজাবেন সাবির খান।