আজ থেকে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব-২০১৪’। উত্সবের শুরুর মুহূর্তে জেনে নিন তাঁদের সম্পর্কে, যাঁরা উত্সবের অন্যতম আকর্ষণ।

পণ্ডিত হিরপ্রসাদ চৌরাসিয়া,পণ্ডিত অজয় চক্রবর্তী পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র
পণ্ডিত হিরপ্রসাদ চৌরাসিয়া,পণ্ডিত অজয় চক্রবর্তী পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র

অপেক্ষার প্রহর শেষ। আজ (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে সুরের আলোয় ঝলমলিয়ে উঠবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। কারণ, আজ সন্ধ্যায় এখানেই শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। হ্যাঁ, খবরটি এখন সবার জানা। এ খবরও এতক্ষণে চাউর হয়ে গেছে যে ১ ডিসেম্বর পর্যন্ত চলমান পাঁচ দিনের এই উৎসবে প্রতিদিন সুরের মূর্ছনায় মোহিত করবেন শাস্ত্রীয় সংগীতের বরেণ্য সব সংগীতকার। তবে বেঙ্গল ফাউন্ডেশনের এ আয়োজনে যেসব শিল্পীর পরিবেশনার জন্য অলাদা ঔৎসুক্য থাকবে আপনাদের, তাঁদের মধ্যে ওস্তাদ আমজাদ আলী খান ও কিশোরী আমানকরের কথা তো ইতিপূর্বে বলা হয়েছে, এবার শুনুন আরও কয়েকজনের কথা। অপূর্ব সুর-মাধুর্যে ভেসে যেতে যেতে রূপকথা হয়ে উঠুক মুহূর্তগুলো।

পণ্ডিত অজয় চক্রবর্তী
অজয় চক্রবর্তীর পূর্বপুরুষ বাংলাদেশের কিশোরগঞ্জের অধিবাসী। তাঁর বাবা সব যোগ্যতা থাকা সত্ত্বেও গাইয়ে হতে পারেননি। তাই ছেলেকে শিল্পী বানিয়ে ‘পণ্ডিত’ হিসেবে গড়ে তুলেছেন। সেই পণ্ডিত অজয় চক্রবর্তী গত দুই উৎসবেও মাত করেছিলেন আসর। এবারও তাঁর গানে নিশ্চয় মাতোয়ারা হবেন শ্রোতারা।

পণ্ডিত হিরপ্রসাদ চৌরাসিয়া
গতবারের মতো এ বছরও তিনি আসছেন উৎসবে। কুস্তিগির বাবার সন্তান হয়েও চেষ্টা ও অধ্যবসায়ের গুণে পেয়েছেন শ্রেষ্ঠ বাঁশিবাদকের সম্মান। তাঁর বাঁশি সামনাসামনি বসে শোনার জন্য নিশ্চয় এখন থেকেই মন আনচান করছে সবার।

পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্র
তাঁদের সম্পর্কে একবাক্যে বলা যায়, তাঁরা দুই ভাই, ভাসেন গানের খেয়ায়। বলছি পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্রের কথা। বেনারস ঘরানার খেয়ালিয়া পণ্ডিত এই দুই সহোদর। গত দুই বছর বেঙ্গলের উৎসবে এ দুই ভাইয়ের যুগল পরিবেশনায় দারুণ মজেছিলেন সবাই। আগের উৎসবে রাজন ও সাজন শুরু করেছিলেন নায়কি কানাড়া রাগ দিয়ে। এবারও দর্শক, আবার আপনার মুখোমুখি তাঁরা। এই সহোদরেরা আজ কোন রাগে সুরের ঝড় তুলবেন, জানতে হলে অবশ্যই আর্মি স্টেডিয়ামে হাজির হতে হবে আপনাকে।

এই উৎসেবর ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে আছে ব্লুজ কমিউনিকেশনস, উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো ও ডেইলি স্টার। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

.
.

স্কয়ার নিবেদিত বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৪
সূচি: কে কবে কোথায় কখন
বৃহস্পতিবার ২৭ নভেম্বর
সন্ধ্যা ৬-৩০ থেকে
ভোর ৫-০০
সম্মেলক কণ্ঠে বাংলা গান
তবলা আজিনক্য যোশী
ভরতনাট্যম মালবিকা সারুক্কাই
সরোদ রাজরূপা চৌধুরী
কণ্ঠ রুচিরা কেদার
সেতার শহীদ পারভেজ খান
কণ্ঠ ও গিটার পণ্ডিত অজয় চক্রবর্তী ও দেবাশীষ ভট্টাচার্য

শুক্রবার ২৮ নভেম্বর
সন্ধ্যা ৬-০০ থেকে
ভোর ৫-০০
তবলা জাকির হোসেন, এনামুল হক, বিশ্বজিৎ
কণ্ঠ সুপ্রিয়া দাস
সরোদ আবির হোসেন
কণ্ঠ উমাকান্ত ও রমাকান্ত গন্ডেচা
সন্তুর রাহুল শর্মা
মৃদঙ্গম ও কন্নাকোল কাড়াইকুরি মনি
কণ্ঠ রাজন মিশ্র ও সাজন মিশ্র

শনিবার ২৯ নভেম্বর
সন্ধ্যা ৬-০০ থেকে
ভোর ৫-০০
কণ্ঠ বিভিন্ন শিল্পী
সেতার নিশিত দে
কণ্ঠ মঞ্জুশা পাতিল
সন্তুর শিবকুমার শর্মা
ধ্রুপদ অসিত রায়
কণ্ঠ অরুণা সাইরাম
সেতার কুশল দাস
কণ্ঠ উল্লাস কাসালকর

রোববার ৩০ নভেম্বর
সন্ধ্যা ৬-৩০ থেকে ভোর ৫-০০
ভরতনাট্যম অমিত চৌধুরী
তবলা স্বরূপ হোসেন
সরোদ আমান আলী খান ও আয়ান আলী খান
কণ্ঠ সামিহা কাসালকর
সরোদ ও বেহালা তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও গণেশ রাজাগোপালান
কণ্ঠ কৌশিকী চক্রবর্তী
বাঁশি হিরপ্রসাদ চৌরাসিয়া

সোমবার ১ ডিসেম্বর
সন্ধ্যা ৬-৩০ থেকে ভোর ৫-০০
সম্মেলক কণ্ঠে বাংলা গান
নাচ বিশাল কৃষ্ণ
কণ্ঠ কিশোরী আমনকার
বাঁশি মনিরুজ্জামান
কণ্ঠ অশ্বিনী দেশপান্ডে
ধ্রুপদ উদয় ভাওয়ালকর
সরোদ আমজাদ আলী খান