কাল থেকে কাজ শুরু শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'-এর

ছোটপর্দার জন্য নির্মাতা দীপঙ্কর দীপন কাজ করছেন অনেক দিন ধরেই। তৈরি করেছেন নাটক, টেলিছবি। এবার তিনি কাজ করবেন বড়পর্দার জন্য। চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম ‘ঢাকা অ্যাটাক’। কাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয় হবে ছবির মহরত।
‘কাল যে শুরুটা হবে, তার জন্য আমি নিজেকে পরোক্ষভাবে তৈরি করেছি ২৩ বছর ধরে; আর প্রত্যক্ষ ভাবে চার বছর... দোয়া করবেন, শুভকামনা চাই। কাল আমার সিনেমার মহরত।’ আজ সোমবার ফেসবুকে এই পোস্ট দিয়েছেন দীপঙ্কর দীপন।
‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্পের ভাবনা প্রসঙ্গে দীপঙ্কর দীপন বলেছেন, ‘দেশে যদি বড় কোনো সন্ত্রাসী হামলা হয় কিংবা বোমা বিস্ফোরণ। পুলিশ কি পারবে এর মোকাবিলা করতে? কীভাবে? কী প্রস্তুতি আছে তাদের? এই ব্যাপারটিই তুলে ধরা হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্পে।
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহি। এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘অগ্নি’ আর ‘ওয়ার্নিং’ ছবিতে । ‘ঢাকা অ্যাটাক’ এই জুটির তৃতীয় ছবি।
‘ঢাকা অ্যাটাক’ ছবিটি প্রসঙ্গে শুভ বলেছেন, ‘ছবির গল্পটি অসাধারণ । আমরা সাধারণত পুলিশ প্রশাসনকে যেভাবে দেখি; ঠিক তা নয়, এ ছবিতে পুলিশকে একেবারেই অন্যভাবে উপস্থাপন করা হবে। নতুন এক পুলিশ প্রশাসনের সঙ্গে পরিচিত হবেন দর্শক। পুলিশ প্রশাসনে যারা কাজ করছেন, তাঁদের জীবনযাত্রা, প্রেম-ভালোবাসা, সংকট-সম্ভাবনা; এই সবই থাকবে ছবিতে।’
‘ঢাকা অ্যাটাক’ ছবির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। এ ছবিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ।
আজ এ ছবির মহরতের সঙ্গে সঙ্গেই শুরু হবে ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ। শুটিং হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।