মুক্তিযুদ্ধের চেতনার নতুন প্রজন্ম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন, ২০১৫ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করার কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। বিকেল তিনটায় শুরু হবে সাংগঠনিক অধিবেশন।
আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠান এবং শহীদুল্লা কায়সার স্মৃতিপদক প্রদান করা হবে। এ বছর পদকে ভূষিত হয়েছেন শিল্পী মুর্তজা বশীর। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আয়োজক সূত্রে জানা গেছে, সারা দেশের চার শতাধিক শাখা আসরের দুই হাজার শিশু-কিশোর, কর্মী, সংগঠক এ সম্মেলনে অংশ নেবে।